কুমারখালী (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৯:৫৯ পিএম
সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের চার সদস্য ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো পরীক্ষা করে নিষ্ক্রিয় করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুষ্টিয়ার কুমারখালীতে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের প্রবেশপথের পাশে পেট্রোলভর্তি বোতল, ধাতব ক্যানিস্টার ও বৈদ্যুতিক তারযুক্ত সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ।
গত রবিবার দিবাগত রাত ১টার দিকে মাজারের মূল প্রবেশপথের ডান পাশে একটি নারকেলগাছের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের চার সদস্য ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো পরীক্ষা করে নিষ্ক্রিয় করেন।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলের এক কর্মকর্তা জানান, তারযুক্ত বস্তুটি ছিল ‘টাইম ইনিশিয়েটেড বোমা’। এতে একটি টাইমার ও ব্যাটারি ছিল। এদিকে এ ঘটনায় মাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে সাধু-বাউলদের অনেকে আখড়াবাড়ি ছেড়ে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে মাজারের মূল প্রবেশদ্বারের পাশে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয় সাধুরা। তারা বিষয়টি কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনকে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে পেট্রোলের বোতল ও বৈদ্যুতিক সরঞ্জাম দেখতে পান। বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানানো হলে তিনি ঢাকায় যোগাযোগ করেন। পরে সোমবার সকালে ঢাকা থেকে চার সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কুষ্টিয়ায় পৌঁছে বস্তুটি পরীক্ষা করে টাইম বোমা শনাক্ত করে। পরে বোমাটি নিষ্ক্রিয় করে পুরো মেলা প্রাঙ্গণে তল্লাশি চালানো হয়। এ সময় পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা মাজার এলাকায় নিরাপত্তা জোরদার করেন।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘এটি শক্তিশালী বোমা ছিল। তবে সময়মতো বস্তুটি শনাক্ত ও নিষ্ক্রিয় করা সম্ভব হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। কে বা কারা কী উদ্দেশ্যে বিস্ফোরকটি রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’ ওসি জামাল উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে তিন দিনের লালন উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। গত রবিবার দুপুরে পুণ্যসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হয়। সোমবার মেলা, আলোচনা অনুষ্ঠান ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।