সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৯:৫২ পিএম
সাটুরিয়ায় অবৈধভাবে উর্বর কৃষিজমি বিনষ্ট করে মাটি উত্তোলনের দায়ে দুজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে উর্বর কৃষিজমি বিনষ্ট করে মাটি উত্তোলনের দায়ে দুজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানাসহ অনাদায়ে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার ধানকুড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
প্রশাসন সূত্রে জানা গেছে, ইটভাটায় অবৈধভাবে উর্বর কৃষিজমি বিনষ্ট করে মাটি উত্তোলনের সময় অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট অপরাধের দায়ে দুজনকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইটভাটায় ব্যবহারের জন্য কৃষিজমির মাটি কেটে নেওয়া হলে জমির উর্বরতা কমে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে কৃষিজমির মাটি সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনিক নজরদারি গুরুত্বপূর্ণ।