নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৯:৪৫ পিএম
শ্রীপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন সাংবাদিক সমাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোণার দুর্গাপুরে চাঞ্চল্যকর সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বের (২৭) একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম।
এর আগে গত শনিবার রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরশহরের তেলুনজিয়া এলাকার একটি মুদি দোকানের সামনে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে মদনে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া শ্রীপুরে নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।