× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটুয়ারটেক ট্র্যাজেডি

নিরাপত্তাব্যবস্থা ও কর্মীদের ভূমিকা তদন্তের আওতায়

প্রবা প্রতিবেদক, ঢাকা ও কক্সবাজার

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৯:৩৬ পিএম

অগ্নিকাণ্ডের পর রিসোর্টের কর্মীদের দুটি কুকুর ও চারটি বিড়াল নিয়ে বেরিয়ে যেতে দেখেছেন স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অগ্নিকাণ্ডের পর রিসোর্টের কর্মীদের দুটি কুকুর ও চারটি বিড়াল নিয়ে বেরিয়ে যেতে দেখেছেন স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক এলাকার টুপটুপ রেস্টুরেন্ট ও রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ঢাকার সাভারের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা।

আগুনের সূত্রপাত, রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা ও অগ্নিকাণ্ডের সময় কর্মীদের ভূমিকা খতিয়ে দেখছে প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। 

অগ্নিকাণ্ডের পর রিসোর্টের কর্মীদের দুটি কুকুর ও চারটি বিড়াল নিয়ে বেরিয়ে যেতে দেখেছেন বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী। তবে ভেতরে থাকা অতিথিদের সতর্ক করা ও তাদের উদ্ধারে কর্মীদের ভূমিকা কী ছিল, তা তদন্ত করছে কমিটি।

অন্যদিকে, ১০ জনের মরদেহ উদ্ধার হলেও স্বজনদের তালিকায় নিখোঁজের সংখ্যা ১১। মরদেহগুলোর পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ মুক্তা আগুন লাগার সময় রিসোর্টের ভেতরে ছিলেন, নাকি বাইরে, তা নিশ্চিত করতে পুলিশ প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করছে।

১৭ অক্টোবর সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। এতে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে দুটি কক্ষ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। সন্ধ্যার পর অন্য একটি কক্ষ থেকে দুটি শিশুসহ আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত সাতজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কর্মীদের ভূমিকা খতিয়ে দেখছে তদন্ত কমিটি: প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, বিকট বিস্ফোরণের শব্দের পর রিসোর্টটিতে আগুন লাগে। আগুনের পর কয়েকজন পর্যটককে বেরিয়ে আসতে দেখা যায়। এরপর অন্তত পাঁচজন কর্মীকে দুটি কুকুর ও চারটি বিড়াল নিয়ে দ্রুত বেরিয়ে যেতে দেখেছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, রিসোর্টটির দুই মালিক তানভীর আহমদ ও নিয়াজ মোরশেদ। স্থানীয় এক যুবক জানান, তানভীর আহমদের পোষা কুকুর ও বিড়ালগুলো রিসোর্টের দ্বিতীয় তলায় মালিকের কক্ষ হিসেবে পরিচিত একটি জায়গায় রাখা হতো। ওই যুবকের ভাষ্য, মালিককে প্রায়ই পোষা প্রাণীগুলো নিয়ে ঘোরাফেরা করতে দেখতেন তিনি। অগ্নিকাণ্ডের সময় কর্মীদের প্রাণীগুলো নিয়ে বেরিয়ে যেতে দেখা গেলেও ভেতরে থাকা পর্যটকদের উদ্ধারে তাদের তৎপরতা চোখে পড়েনি। 

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রবিবার কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা, রিসোর্টে অবস্থানরত জীবিত ও আহত ব্যক্তি এবং নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

তদন্ত কমিটির প্রধান তাসনীম জাহান বলেন, অনেক প্রত্যক্ষদর্শী ঘটনার বিষয়ে বক্তব্য দিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রিসোর্টের সম্ভাব্য অনিয়ম এবং অগ্নিকাণ্ডের সময় কর্মীদের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে এসব বিষয় উল্লেখ করা হবে।

নিখোঁজ স্কুলশিক্ষিকা মুক্তা কোথায় : স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের পর ১১ জন নিখোঁজ ছিলেন। প্রথমে উদ্ধার হওয়া ছয়টি মরদেহের সঙ্গে ছয়জনের এবং পরে উদ্ধার হওয়া চারটি মরদেহের সঙ্গে আরও চারজনের পরিচয় মিলেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

প্রথম ছয়জন হলেন ঢাকার বনশ্রীর বাসিন্দা মো. আশিকুল ইসলামের স্ত্রী ইসরাত জাহান মালিহা (৩০), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভী (২৩), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), নাফিজের বড় বোন ফারিয়া কবির (৩৩) এবং ফারিয়ার ছেলে ফায়িজান আহম্মেদ (৫)। সন্ধ্যায় উদ্ধার হওয়া চারজন হলেন যশোরের নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাদের দুই সন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।

এ হিসাবে নিখোঁজের তালিকায় রয়েছেন নাসরিন আক্তার মুক্তা (২৯)। তিনি ঢাকার সাভারের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্বপ্ন বিলাস স্কুলের’ শিক্ষিকা এবং ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি বাদল হোসেনের স্ত্রী।

তদন্ত কমিটির প্রধান তাসনীম জাহান জানান, নিখোঁজ মুক্তার মুঠোফোনের অবস্থানসহ প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় তিনি রিসোর্টের ভেতরে ছিলেন, নাকি বাইরে, তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ শাখা (এসবি) ও তদন্তকারী দল কাজ করছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, রিসোর্টের মালিকসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৯ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার আসামি ব্যবস্থাপক মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কাচ ভেঙে দ্বিতীয় তলা থেকে লাফিয়ে বাঁচলেন তিনজন: রিসোর্টের অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হলেও কাচ ভেঙে দ্বিতীয় তলা থেকে লাফিয়ে প্রাণে বেঁচেছেন তিনজন। তারা হলেন ইসমাইল রুহুল মাসুদ (৩৫), তার স্ত্রী মেহেরুন্নেসা মিনা (৩০) এবং তাদের ভাগ্নিজামাই আশিক। মাসুদ একটি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার হিসেবে কাজ করেন। তার স্ত্রী প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা। তারা রাজধানীর উত্তরায় থাকেন। অগ্নিকাণ্ডে আহত মিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। 

মাসুদ জানান, গত বুধবার পরিবারের ১০ সদস্য কক্সবাজারে বেড়াতে যান। শনিবার সকালে তাদের ঢাকায় ফেরার কথা ছিল। সকাল ৭টায় হোটেল থেকে বের হওয়ার জন্য মুঠোফোনে অ্যালার্ম দেওয়া ছিল। অ্যালার্মে ঘুম ভাঙার পর সেটি বন্ধ করে আবার শুয়ে পড়েন তিনি। এর দুই থেকে তিন মিনিটের মধ্যে বিকট শব্দ শুনতে পান। মুহূর্তেই ঘর ধোঁয়ায় ভরে যায়।

মাসুদের ভাষ্য, তার স্ত্রী দরজার লক খুলতেই করিডোরের আগুনের শিখা ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে করিডোর বন্ধ হয়ে যাওয়ায় অন্য কক্ষে থাকা স্বজনদের সতর্ক করা বা উদ্ধারের সুযোগ পাননি তারা। ঘরে ধোঁয়া ও আগুনের কারণে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। বের হওয়ার পথ তৈরি করতে প্রথমে তিনজন ঘরের সামনের মোটা স্বচ্ছ কাচে লাথি মারেন। তাতে কাজ না হওয়ায় মাসুদ কাঠের চেয়ার দিয়ে কাচে আঘাত করেন। চেয়ারের পা ভেঙে গেলে সেই অংশ দিয়ে কয়েকবার আঘাত করে কাচ ভাঙতে সক্ষম হন।

মাসুদ জানান, ততক্ষণে বিছানায় আগুন ধরে গিয়েছিল। অন্য উপায় না দেখে তিনি স্ত্রীকে দ্বিতীয় তলার ভাঙা কাচ দিয়ে নিচে লাফ দিতে বলেন। ভয়ে তার স্ত্রী ঝুলে থাকলে তিনি তাকে নিচে নামিয়ে দেন। এরপর তিনি ও আশিকও লাফ দেন।

নিচে পড়ার সময় বড়ইগাছের সঙ্গে ধাক্কা লেগে মাসুদের কোমরে গুরুতর আঘাত লাগে। ভাঙা কাচে মিনার পা কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। আগুনের তাপ থেকে বাঁচতে তারা হামাগুড়ি দিয়ে পাশের একটি ধানখেতে আশ্রয় নেন। পরে রিসোর্টের সামনে এসে তারা ভেতরে আটকে পড়া স্বজনদের বাঁচানোর আকুতি ও চিৎকার শুনতে পান।

সমুদ্র দেখার শেষ ইচ্ছা পূরণেই ছিল সফর: মাসুদের বড় বোনের মেয়ে ফারিয়া কবির শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছিলেন। তিনি আগে কখনো সমুদ্র দেখেননি। পরিবারের সবাইকে নিয়ে সমুদ্র দেখার ইচ্ছা থেকেই এই ভ্রমণের আয়োজন করা হয়েছিল বলে জানান মাসুদ। তিনি বলেন, ফারিয়াকে দুবার কোলে করে ও চেয়ারে বসিয়ে সমুদ্রের পাড়ে নেওয়া হয়েছিল। সেখানে পানির সঙ্গে খেলা করে সে আনন্দ পেয়েছিল। ফেরার পথে চাঁদের গাড়িতে বসে ফারিয়া বলেছিল, ‘আমি যদি এই সমুদ্রের পাড়ে সবসময় থাকতে পারতাম, খুব শান্তি লাগত।’ মাসুদের ভাষ্য, পরিবারের সেই ভ্রমণই শেষ পর্যন্ত তাদের জন্য এক মর্মান্তিক স্মৃতি হয়ে রইল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা