× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপির নেতৃত্বে চলা ইলিশ রক্ষা অভিযানে হামলা, গ্রেপ্তার ৪১

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৮:৪২ পিএম

মা ইলিশ রক্ষায় জাজিরায় পদ্মা নদীতে সংসদ সদস্য সাইদ আহমেদ আসলামের নেতৃত্বে চলা অভিযানে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন জেলেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মা ইলিশ রক্ষায় জাজিরায় পদ্মা নদীতে সংসদ সদস্য সাইদ আহমেদ আসলামের নেতৃত্বে চলা অভিযানে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন জেলেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মা ইলিশ রক্ষায় শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলামের নেতৃত্বে চলা অভিযানে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন জেলেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত পাঁচ সদস্য আহত হয়েছেন। 

সোমবার সকালে উপজেলার পালেরচর ইউনিয়নের কলিকাল চরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দসহ ৪১ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযান চলাকালে জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শতাধিক জেলে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করেন। এ সময় সংসদ সদস্য সাইদ আহমেদ আসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান জোরদার করলে জেলেরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ৪১ জেলেকে আটক করা হয়। 

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে গেলে জেলেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগের লোকজনের ওপর হামলা চালায়। অভিযান থেকে ৪১ জনকে আটক করা হয়েছে। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, আসলে আমার ওপর হামলা এই ভাবে বিষয়টি দেখছি না। তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অভিযান প্রতিহত করার জন্যই তাদের এ ক্ষোভ।

উল্লেখ্য, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ রয়েছে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন ও মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের উপর নিষেধাজ্ঞা আছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ অংশের বিভিন্ন স্থানে মা ইলিশ শিকার করা হচ্ছে বলে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা