বগুড়া অফিস
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১২:৫৫ পিএম
প্রতীকী ছবি
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোজাহিদুল ইসলাম ফয়সাল (২৮) এক যুবক ও এক নারী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে শহরের পুরান বগুড়ার ওয়াপদা
কলোনি এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হন। ওইদিন-ই শহরতলির
নওদাপাড়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় এক নারীর
মৃত্যু হয়। এ ঘটনাদ্বয়ে আহত হয়েছেন আরও দুই যুবক।
নিহত যুবক মোজাহিদুল ইসলাম ফয়সাল তিনি গাবতলী উপজেলার
নেপালতলী ইউনিয়নের শাবাসপুর এলাকার শাহজাহান মণ্ডলের ছেলে। ফয়সাল জাপান টোব্যাকো
ইন্টারন্যাশনাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নিহত নারীর পরিচয়
এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ফয়সাল দুই
সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। সাতমাথা থেকে তিনমাথার দিকে
যাওয়ার পথে পুরান বগুড়ার ওয়াপদা কলোনি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের
চাপা দিয়ে চলে যায়।
এতে ফয়সাল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে শহীদ
জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত তার দুই সহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম
আলী বলেন, পুরান বগুড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার খবর তিনি পেয়েছেন। পুলিশ
ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
ওসি ইব্রাহীম আলী আরো জানান, সোমবার বেলা ১১টার দিকে
এক ব্যক্তি তার স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে গাইবান্ধা যাচ্ছিলেন। নওদাপাড়া এলাকায়
মম ইন-এর সামনে মহাসড়ক পার হওয়ার সময় ওই নারী মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় অপর
দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর ওই ব্যক্তি
মোটরসাইকেলটি রেখে স্ত্রীর মরদেহ নিয়ে গাইবান্ধা চলে যান। মোটরসাইকেলটি পুলিশ
হেফাজতে রয়েছে। নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।