× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ইজতেমা : গাজীপুর স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ২২:১১ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ২২:৪৭ পিএম

ইজতেমা ময়দানের কর্মযজ্ঞ। ফাইল ছবি : প্রবা

ইজতেমা ময়দানের কর্মযজ্ঞ। ফাইল ছবি : প্রবা

বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। আর তিন দিন পর গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি থেকে। এ উপলক্ষে প্রস্তুতি হিসেবে গাজীপুরের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৯ জানুয়ারি) বিকালে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব ইজতেমার কর্মপরিকল্পনা-সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এদিন দুপুরে ওই হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে বিশ্ব ইজতেমার কর্মপরিকল্পনা নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সংক্রমক রোগ নিয়ন্ত্রকের (সিডিসি) পরিচালক অধ্যাপক মো. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা ডিভিশনাল ডিরেক্টর মো. ফরিদ হোসেন মিয়া, গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত গাজীপুরের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

গাজীপুরের সিভিল সার্জন জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের সেবা কার্যক্রম প্রস্তুতি প্রায় শেষের দিকে। মুসল্লিদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে পাঁচটি ক্যাম্প স্থাপনের কাজ চলছে। এখান থেকে ২৪ ঘণ্টা মুসল্লিদের বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হবে। প্রতিটি ক্যাম্পে পালা করে দুজন চিকিৎসক, সহকারী ও অফিস সহায়ক কাজ করবেন। হোন্ডা কারখানা গেইট, বাটা সু গেইট, মুন্নু নগর, বিদেশি তাবুতে এবং টঙ্গী জংশন এলাকায় স্বাস্থ্য বিভাগের এসব ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে।

ইজতেমার প্রথম পর্বে আয়োজক কমিটির প্রকৌশলী মো. মাহফুজ বলেন, ‘ইতোমধ্যে টঙ্গীতে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে টুকিটাকি কাজ চলছে। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে পুরো ইজতেমা ময়দানকে ৯১টি ভাগে (খিত্তায়) ভাগ করা হয়েছে। এসব খিত্তায় জেলাওয়ারী মুসল্লিরা অবস্থান করবেন।’

আগামী ১৩ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে ১৫ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (জুবায়েরপন্থি) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সা’দপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা