গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২০:৪২ পিএম
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় এক নারীসহ আরো চারজনকে গ্রেপ্তার করেছেন এসআরবি-১। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় এক নারীসহ আরো চারজনকে গ্রেপ্তার করেছেন এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।
রবিবার দুপুরে এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম (মিডিয়া) গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর মেট্রো থানার পূর্ব চান্দনা এলাকার জসিমের ছেলে আকাশ হোসেন (২৩), মৃত আব্দুস সোবহানের ছেলে রাজিব (২৩) সন্দিগ্ধ আসামি মৃত রবিনের ছেলে নাজমুল হোসেন নাদিম এবং রথখোলা এলাকার মৃত হরমুজ মিয়ার মেয়ে শিউলি আক্তার সুমি (৩৫)। রবিবার খুব ভোরে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার পূর্ব চান্দনা (কবরস্থান) সংলগ্ন রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, গত ১৫ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা রেলওয়ে থানাধীন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের দক্ষিণ মাথা থেকে ইয়াবাসহ আনিছ (১৯) এবং শিমলা আক্তার বৃষ্টিকে (২২) আটক করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ। আটককৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্য আসামিরা জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।
এ ঘটনায় রেলওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই নুরুল ইসলাম ঢাকা রেলওয়ে থানায় মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য এসআরবি-১ গাজীপুর বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে। পরে বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার পূর্ব চান্দনা (কবরস্থান) সংলগ্ন রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করে।