× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবক নিহত

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২০:২৭ পিএম

গণপিটুনিতে আহত আসিফকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গণপিটুনিতে আহত আসিফকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলায় পূর্বশত্রুতার জেরে ওয়ার্ড বিএনপির সভাপতিকে ছুরিকাঘাতের ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে মো. আসিফ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে গণপিটুনিতে আহত আসিফকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান আসিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আসিফ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের মো. ধলু হাওলাদার ও হালিমা বেগম দম্পতির ছেলে। অন্যদিকে আহত হোসেন (৫০) রাজাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতার জেরে শনিবার সকালের দিকে বিএনপির নেতা মো. হোসেনের সঙ্গে আসিফের বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় সন্ধ্যায় রাজাপুরের আনন্দবাজার এলাকায় হোসেনকে ছুরিকাঘাত করেন আসিফ। পরে স্থানীয়রা হোসেনকে উদ্ধার করে প্রথমে ভোলা জেনারেল হাসপাতালে পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে আসিফকে স্থানীয় বাজারে পেয়ে পিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে আসিফের মৃত্যু হয়।

সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। ভোলা সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।

অন্যদিকে খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় এক যুবককে গুলি করে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে তার বাঁ ঊরুতে গুলি লাগে। আহত শেখ জুম্মান রহমান বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার লুৎফর শেখের ছেলে।

সদর থানার ওসি লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সূত্রে বলেন, মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, ঘটনার কারণ উদঘাটনে পুলিশ ও এসআরবির কয়েকটি দল কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ছাড়া নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে সুজন চন্দ্র পাল (৩৩) নামের এক দোকান কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকার রামকৃষ্ণ মন্দিরের পাশে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তরিত ভর্তি করেন। 

গুলিবিদ্ধ সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র চন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরে একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে শহরের মাইলোড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজন পালের পিঠে গুলি লেগেছে। 

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনার রহস্য উদঘাটনসহ দুর্বৃত্তদের গ্রেপ্তারে তৎপরতা চালনো হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা