রংপুর অফিস
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২০:২২ পিএম
বিশ্ব মেনোপজ দিবস উপলক্ষে রংপুরের আরডিআরএস মিলনায়তনে ‘মধ্য বয়সে দীর্ঘস্থায়ী ব্যথা’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্ব মেনোপজ দিবস উপলক্ষে রংপুরে ‘মধ্য বয়সে দীর্ঘস্থায়ী ব্যথা’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার হয়েছে।
অবস্টেট্রিক্যাল এন্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-ওজিএসবি রংপুরের উদ্যোগে রবিবার (১৮ অক্টোবর) আরডিআরএস মিলনায়তনে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ওজিএসবি রংপুরের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আজিজুল ইসলাম।
ওজিএসবি রংপুরের সভাপতি অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. কামরুন নাহার জুঁই, ওজিএসবির সহ-সভাপতি ডা. হামিদা বেগম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শারমিন সুলতানা লাকী, কোষাধ্যক্ষ ডা. সফুরা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ওজিএসবির কার্যনির্বাহী সদস্য ডা. মাহফুজা খানম ও সদস্য ডা. সিনথিয়া সিদ্দিকা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম মেডিকেল কলেজের গাইনী বিভাগের চিকিৎসক খালেদা আক্তার কাকলী।
বৈজ্ঞানিক সেমিনারে জানানো হয়, দীর্ঘস্থায়ী ব্যথা একটি বহুল প্রচলিত এবং ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা। এ সমস্যায় নারীরা তুলনামূলকভাবে বেশি আক্রান্ত হন। মহামারিতাত্ত্বিক তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ৩০ ভাগের বেশি মানুষ দীর্ঘস্থায়ী ব্যথায় ভোগেন। পুরুষদের তুলনায় নারীদের দীর্ঘস্থায়ী ব্যাথায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় ৫০ দশমিক ৭০ ভাগ বেশি। বিভিন্ন রোগী নিবন্ধন ভিত্তিক তথ্য এবং পেইন ক্লিনিকের তথ্যানুসারে, চিকিৎসার জন্য আসা রোগীদের মধ্যে নারীদের সংখ্যা বেশি রয়েছে। জীবনের বিভিন্ন পর্যায়ে নারীদের মধ্যে দীর্ঘস্থায়ী ব্যাথার অধিক প্রকোপ পরিলক্ষিত হয়। বিশেষ করে কৈশোর এবং বার্ধক্যে এর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর পেছনে একাধিক জৈবিক, মনস্তাত্ত্বিক ও সামাজিক উপাদানের পারস্পরিক ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে ধারণা করা হয়।
সেমিনারে জানানো হয়, মধ্যজীবন নারীদের কিছু নির্দিষ্ট ধরনের ব্যথার ক্ষেত্রে অধিক ঝুঁকিপূর্ণ একটি সময়কাল। ব্যথার প্রভাব শুধু ব্যথার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর ফলে দৈনন্দিন কাজকর্মে অক্ষমতা, ঘুমের ব্যাঘাত, মানসিক অস্থিরতা এবং জীবনযাত্রার গুণগত মান হ্রাস পেতে পারে। নারীদের এই ব্যথাকে প্রায়ই যথাযথ গুরুত্ব দেওয়া হয় না অথবা ভুলভাবে অন্য কোনো কারণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। মেনোপজ এই ব্যথাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে।
বক্তারা বলেন, নারীর মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া মেনোপজ। এটি ৪০ থেকে ৫৫ বছর বয়সে ঘটে। সাধারণত টানা ১২ মাস মাসিক না হলে, অন্য কোনো শারীরিক কারণ না থাকলে মেনোপজ হয়েছে বলে বিবেচনা করা যেতে পারে। এক্ষেত্রে জীবনযাত্রায় পরিবর্তন, নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন উপসর্গ মোকাবিলায় সহায়ক হতে পারে। উপসর্গ বেশি হলে বা দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সেমিনারে মেনোপজ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিষদ আলোচনাসহ প্রতিকার নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ওজিএসবি রংপুরের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আজিজুল ইসলাম বলেন, যারা পরিবারে একত্রে বসবাস করে এবং পরিবারের সদস্যদের সাথে ভাল সম্পর্ক বজায় রাখে তাদের পোস্ট মেনোপজ উপসর্গ বা লক্ষণ দেখা যাবে না। এ জন্য ৪০ থেকে ৫৫ বয়সী নারীদের পরিবারের অন্য সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তবে এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। মেনোপজ হলে পরিবার, কর্মক্ষেত্রে এবং স্বাস্থ্যসেবায় নারীদের এই পরিবর্তনকে গুরুত্ব দিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। বিশ্ব মেনোপজ দিবসের বৈজ্ঞানিক সেমিনার আয়োজন সহযোগি হিসেবে ছিলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।