প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২০:১৮ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ২০:১৯ পিএম
প্রতিকী ছবি
চাঁদপুরের কচুয়ায় দুই শিশু এবং কিশোরগঞ্জের কটিয়াদীতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী পুকুরে ডুবে মারা গেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
কচুয়া (চাঁদপুর) : জেলার কচুয়ায় পুকুরে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশু মারা গেছে। রবিবার দুপুরে উপজেলার ৬ নম্বর কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের সিকদারবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে। অপর শিশু সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদাবাড়িতে বেড়াতে এসেছিল। সে বিল্লাল হোসেনের মেয়ে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জ : জেলার কটিয়াদীতে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে সুমাইয়া আক্তার (১১) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার ওই গ্রামের মানিক মিয়ার মেয়ে। সে চরপুক্ষিয়া ৭৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।