সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২০:১৫ পিএম
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে যুবদলকর্মী বাপ্পি হত্যাকাণ্ডের ছয় আসামিকে রবিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে যুবদলকর্মী তারেক হোসেন বাপ্পি (২৬) হত্যাকাণ্ডের ছয় আসামিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে রবিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাত পৌনে ১১টায় অলিনগর তিন রাস্তার মোড়ে বাপ্পিকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের প্রধান আসামি আরিফসহ ছয়জনকে গ্রেপ্তার ছাড়াও হত্যায় ব্যবহৃত তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আরিফ হোসেন, ফখরুল ইসলাম, আব্দুল মান্নান, ইফতেখার, আরিফুল ইসলাম জাবেদ ও নূর আহাম্মদ রনি। সবার বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাগরে অবৈধভাবে বালু উত্তোলন ও এলাকায় দীর্ঘদিনের সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূল অভিযুক্ত আরিফ বাহিনীর সঙ্গে বিরোধ চলে আসছিল বাপ্পির।
হত্যাকাণ্ডের দ্রুততম সমাধান ও আসামিদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জানান, "ঘটনার পরপরই পুরো সীতাকুণ্ডজুড়ে চিরুনি অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আরিফসহ ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত ভারী আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। সীতাকুণ্ডে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না; জড়িতদের কঠোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হচ্ছে।"