নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৯:৫২ পিএম
নগরকান্দায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং একটি শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের নগরকান্দায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং একটি শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে স্থানীয় সচেতন নাগরিক ও এলাকাবাসীর উদ্যোগে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার কাইচাইল গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। মানববন্ধন দুটি থেকে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
নগরকান্দার স্থানীয় এলাকায় সংঘটিত একটি সহিংস হামলার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।
উপজেলার মধ্য কাইচাইলের নতুন বাজার এলাকায় কাইচাইল ইউনিয়ন শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, গত ১১ অক্টোবর কাইচাইল গ্রামে হামলায় প্রায় ১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মো. ইয়ার আলীসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগ নেতা হানিফ রানা, মুন্না মিয়া, কালা মিয়া, হাসান মিয়াসহ তাদের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলে হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অপরদিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দী গ্রামের ইদ্রিস মোল্যার ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। গতকাল বিকালে নগরকান্দা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ আগস্ট সন্ধ্যায় শিশুটিকে ধর্ষণ ও হত্যা করে পার্শ্ববর্তী বাগানে ফেলে রাখে অভিযুক্ত প্রতিবেশী ঘাতক শামসুল ইসলাম সূর্য্য। অংশগ্রহণকারীরা ঘাতক শামসুল ইসলাম সূর্য্যর ফাঁসির দাবিসহ আসামি জরিনা বেগম, ফাতেমা বেগম, বাবলু ও হৃদয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।