নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৯:০৬ পিএম
আগৈলঝাড়া থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
থানায় ঢুকে নারী পুলিশ কর্মকর্তাকে গালাগাল করার অভিযোগ উঠেছে অফিসার ইনচার্জের (ওসি) স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ওসির স্ত্রীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হেনস্তার শিকার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহনাজ আক্তার।
গত ৯ অক্টোবর বরিশালের আগৈলঝাড়া থানায় এএসআই শাহনাজ আক্তারের করা একটি জিডির ছবি এসেছে প্রতিবেদকের কাছে। ঘটনা জানাজানির পর ভুক্তভোগী এএসআই এবং আরেকজন এসআইকে আগৈলঝাড়া থানা থেকে বদলি করা হয়েছে।
জিডির বিবরণে জানা যায়, ঘটনার দিন গত ৯ অক্টোবর সন্ধ্যা পৌনে ৮টার দিকে ওসির স্ত্রী আঞ্জুমান থানায় এসে এএসআই শাহনাজ আক্তারকে উদ্দেশ করে অশালীন ভাষায় কথা বলেন। ওই সময় শাহনাজ থানার ডিউটি অফিসারের চেয়ারে বসা ছিলেন। সে সময় ওসির স্ত্রী তাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন এবং রাতের বেলায় ওসির কক্ষে যাওয়া ও চাকরিতে আসা নিয়ে কটূক্তি করেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিব্রত ও অপমানিত হয়েছেন বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
জিডিতে আরো একটি ঘটনার বিবরণ তুলে ধরেছেন এএসআই শাহনাজ আক্তার। সেখানে তিনি উল্লেখ করেন, গত মার্চে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে জরুরি ছুটির প্রয়োজন হলে তিনি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ছুটির ব্যবস্থা করতে থানায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।
পরে ওসির অর্ডারের মাধ্যমে ছুটির অনুমতি নিয়ে আবেদন করেন। ছুটি থেকে ফিরে তিনি জানতে পারেন, থানায় কর্মরত আরেক এসআই আবদুল্লাহ আল মামুনের কাছে ওসির স্ত্রী বলেছেন যে, ‘ওসির সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে, তার সঙ্গে রাত কাটিয়েছি, আমার বাচ্চা আমার স্বামীর না।’ তখন বিষয়টি নিজের কানে না শুনলেও এখন সামনে এসে ওসির স্ত্রী ‘খানকি, বেশ্যা’ বলে অকথ্য ভাষায় গালাগাল করায় ভবিষ্যতের প্রয়োজনে জিডি করেছেন বলে জানান এএসআই শাহনাজ।
এ ব্যাপারে এসআই আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি বক্তব্য দিতে পারি না। তবে যা শুনেছি ঘটনা সত্যি।’ এ ছাড়া তিনি নিজেও ওসির দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করেন।
এ ব্যাপারে এএসআই শাহনাজ আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এটা থানার ভেতরগত বিষয় তাই এ ব্যাপারে তেমন কিছু বিস্তারিত বলতে পারছি না। তবে জিডির বিষয়ে যা শুনেছেন, তা সত্যি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেন।
এদিকে ওসির স্ত্রীর বিরুদ্ধে জিডি করার পরপরই এএসআই শাহনাজ আক্তারকে আগৈলঝাড়া থানা থেকে বদলি করে জেলার বানারীপাড়া থানায় নিযুক্ত করা হয়েছে। তা ছাড়া ওসি মাসুদ খান জরুরি ছাড়পত্র দিয়ে এসআই আবদুল্লাহ আল মামুনসহ কয়েক পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন থানায় বদলি করেছেন বলে জানা গেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান। তার দাবি পুরো ঘটনাই গুজব।
তিনি বলেন, ‘এমন গুজবের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমি এখানে ১০ মাস চাকরি করি। আমাকে বেকায়দায় ফেলানোর জন্য কিছু কিছু তথ্য ছড়ানো হচ্ছে।’
জিডি এবং বদলির বিষয়ে ওসি বলেন, ‘এগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের থানার অভ্যন্তরীণ বিষয় যদি অন্য কারোর কাছে যায়, তার মানে কি এইটা একটা সাধারণ নাটক? এইটা যদি আমাদের সিনিয়র অথরিটি জানে, যারা এইটা করতেছে, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন করতেছে, তাদের বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা হবে।’
এ বিষয়ে বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটা নিজেদের মধ্যে একটা ভুল-বোঝাবুঝি হয়েছে। অভ্যন্তরীণ যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, তা আমরা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে পুরোপুরি অবগত আছে।’