প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৮:৫৬ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৯:২২ পিএম
ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দলীয়করণের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী। নিয়োগ বাতিল না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ নিয়মতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।
ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে রবিবার এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই। তিনি অভিযোগ করেন, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়কে জেলা বিএনপির কার্যালয়ে পরিণত করা হয়েছে। জেলা প্রশাসক তার দায়িত্ব যথাযথভাবে পালন না করে জেলা বিএনপির উপদেষ্টার মতো কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।
আব্দুল হাই বলেন, “যোগ্যতা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ না করে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে”।
এ প্রক্রিয়ায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ থেকে দূরে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নিয়োগ বাতিল না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ নিয়মতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবুবকর সার ডিলার নিয়োগের সুষ্ঠু তদন্ত এবং অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে আগামী ৩১ মার্চের লংমার্চ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিব অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে যোগ্যতার পরিবর্তে দলীয় পরিচয়, স্বজনপ্রীতি ও রাজনৈতিক সংশ্লিষ্টতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মনিটরিং কমিটির সদস্য হওয়া সত্ত্বেও সংসদ সদস্যদের নিয়োগপ্রক্রিয়া থেকে কৌশলে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এ সময় প্রশাসনকে দলীয়করণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।