× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোমতীর উর্বর চরে মুলার আবাদ, জমজমাট নিমসার বাজার

জাকির হোসেন, বুড়িচং (কুমিল্লা)

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৮:৪৪ পিএম

বুড়িচংয়ে গোমতী নদীর উর্বর চরে মৌসুমের আগেই মুলা বাজারজাতকরণে কৃষকদের কর্মব্যস্ততা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বুড়িচংয়ে গোমতী নদীর উর্বর চরে মৌসুমের আগেই মুলা বাজারজাতকরণে কৃষকদের কর্মব্যস্ততা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর উর্বর চরে বর্ষাকালীন মুলা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মৌসুমের আগেই মুলা উৎপাদন করে ভালো দাম পাওয়ায় লাভের আশায় দিন-রাত পরিশ্রম করছেন তারা।

জমি থেকে মুলা উত্তোলন, ধোয়া ও বাজারজাতকরণে সরগরম হয়ে উঠেছে নিমসার বাজার। সেখান থেকে পাইকারদের হাত ধরে এসব মুলা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার বুড়িচং উপজেলার গোমতীর চর এলাকার মীরপুর, কাঠালিয়া, কাচিয়াতলী, ভান্তিসহ আশপাশের গোমতীর উর্বর চরে বর্ষাকালীন মুলা বাজারজাতকরণে কৃষকদের কর্মব্যস্ততা। মূলত মুলা শীতকালীন সবজি হলেও বর্ষাকালে বাজারমূল্য বেশি থাকায় এ সময়ে চাষাবাদে আগ্রহী এখানকার কৃষকরা। 

চরের ময়নামতি ইউনিয়নের মীরপুর এলাকার রুহুল আমিন, কাঠালিয়া এলাকার লতিফ, ভান্তি এলাকার মোস্তফা, শাহজাহান, কাচিয়াতলীর বায়েজিদ, সুমনসহ পূর্বহুড়া, কাহেতরা, মনোহরপুর, রামচন্দ্রপুর, কুসুমপুরসহ আশপাশের একাধিক কৃষক জানান, সারাদেশে একযোগে সবাই মুলার চাষ করায় বাজারমূল্য অনেকটা কম থাকে। তাই বর্ষাকালেই বেশি করে মুলা চাষে আগ্রহী তারা। এ সময় বাজারমূল্য তুলনামূলক বেশি থাকে।

তারা জানান, প্রতি ৪০ শতাংশ জমিতে মুলা চাষে কমপক্ষে ৪০ হাজার টাকা খরচ হয়। ৪০-৫০ দিনের মধ্যে মুলা বাজারজাতকরণে উপযোগী হয়ে ওঠে। বর্তমানে একরপ্রতি মুলা শ্রেণি ও আকারভেদে ৭০ থেকে ৯০ হাজার, এমনকি এক লাখ টাকায়ও বিক্রি হচ্ছে। কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে কোনো ঝামেলা পোহাতে হয় না। পাইকাররা জমিতে এসেই মাঠচুক্তিতে মুলা কিনে নিয়ে যাচ্ছেন। তবে কুমিল্লার গোমতীর চরের মুলার স্থানীয় পাইকারি বাজার বুড়িচংয়ের দেশের অন্যতম বৃহৎ নিমসার বাজার। এখানকার পাইকাররাই মূলত জমিতে গিয়ে ফসল কিনে নেন।

পাইকার হাসান জানান, আমরা চরে গিয়ে জমির আকার ও ফসল দেখে দরদাম নির্ধারণ করি। এরপর শ্রমিক দিয়ে জমি থেকে মুলা তুলে ট্রাক্টরে করে বিভিন্ন জলাশয়ে পরিষ্কার করে নিমসার বাজারে নিয়ে যাই। এজন্য শ্রমিক প্রতি প্রতিদিন এক হাজার টাকা করে দিতে হয়।

পাইকার মশিউর জানান, কখনও বড় বড় ক্রেতারা সরাসরি ট্রাক্টর থেকেই মুলা কিনে নেন। এজন্য বাজারের ইজারাদারকে ট্রাক্টরপ্রতি ৩০০ টাকা খাজনা দিতে হয়। আবার কখনও আড়তেও নিয়ে বিক্রি করতে হয়। এজন্য আড়তদারকে গাড়িপ্রতি ২ হাজার টাকা কমিশন দিতে হয়। বর্তমানে প্রতি কেজি মুলা পাইকারি বাজারে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আড়তদার হাফিজুর জানান, নিমসার বাজার থেকে গোমতীর চরের মুলা জেলার হাটবাজার ছাড়াও চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় বিক্রি হচ্ছে। 

এ বিষয়ে বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. আফরীণ আক্তার বলেন, এবার প্রায় ১০ হেক্টর জমিতে আগাম মুলা চাষ হয়েছে। কৃষকদের সবসময় পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীতে প্রণোদনা এলে চাষিদের অগ্রাধিকার দেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা