রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৭:৫৭ পিএম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম পূজামণ্ডপে রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
৫৫ বছর পর বাংলাদেশ একজন দক্ষ ড্রাইভার পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
তিনি বলেছেন, “গত ৫৫ বছর ধরে আমরা একজন ভালো ড্রাইভার তথা দক্ষ প্রধানমন্ত্রী চেয়েছি। অবশেষে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের মানুষকে মন থেকে ভালোবাসেন”।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করুণানগর এলাকার শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম পূজামণ্ডপে রবিবার বিকাল ৩টার দিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, “ঈদে যদি মুসলমানেরা শাড়ি উপহার পায়, তবে সনাতন ধর্মের মা-বোনেরা কেন পাবেন না? প্রধানমন্ত্রী সে কথা চিন্তা করে লক্ষাধিক মণ্ডপে শাড়ি পাঠিয়েছেন। এটাই উনার উদারতা ও সম্প্রীতির প্রতীক। তার নির্দেশ-সম্পদের অপচয় কমানো, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া, অতিরিক্ত গাড়ি ব্যবহার না করা এবং রাষ্ট্রের সম্পদ সুরক্ষা করা। একই সাথে দুর্নীতিমুক্ত থাকা এবং প্রতিপক্ষের কোনো ক্ষতি না করা। আমরা তো এমনই একজন প্রধানমন্ত্রী চেয়েছিলাম”।
শারদীয় দুর্গোৎসবের উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে হুইপ বলেন, বিসর্জনের আগে দেবীর চরণে আমি একটি প্রার্থনার অনুরোধ করবো। রাষ্ট্র ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। আপনারা যেমন পরিবারের সবার জন্য প্রার্থনা করেন, তেমনি দেবীর চরণে প্রার্থনা করবেন-ভগবান যেন এই প্রধানমন্ত্রীকে দীর্ঘায়ু দান করেন, উনি যেন দীর্ঘদিন বেঁচে থেকে দেশকে সেবা দিয়ে যেতে পারেন”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) ডা. শামসুল আলম এবং কমলনগরের থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, হাজিরহাট ইউনিয়নের সভাপতি মো. ফরহাদ মিয়া, লরেন্স ইউনিয়নের সভাপতি শিব্বির আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোরশেদ, যুবদলের আহ্বায়ক মো. ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব আবু সায়েম দোলন, ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজু, সদস্য সচিব মো. জাফর আহাম্মদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা।