× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৬:২০ পিএম

ঠাকুরগাঁও নির্বাচন অফিসারের কার্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঠাকুরগাঁও নির্বাচন অফিসারের কার্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। এ পর্যন্ত কমিটিতে আটটি লিখিত অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে তিনটি অভিযোগের বিষয়ে লিখিত জবাব দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেনকে আগামী ১৯ অক্টোবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শোকজ পাওয়া অন্য ব্যক্তিরা হলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাজু আলী এবং আরাজী দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুলফিকার রহমান।

শনিবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা এবং সিভিল জজ মো. তোসিকুল আলমের স্বাক্ষরিত নোটিশ থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দেলাওয়ার হোসেন ও তার সমর্থকদের বিরুদ্ধে ধর্মপ্রাণ ভোটারদের প্রভাবিত করতে মসজিদসহ ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগ উঠেছে। জমা দেওয়া ভিডিও পর্যালোচনায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫(খ) বিধান লঙ্ঘনের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তাকে আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ঘটনায় অভিযোগকারী বিএনপির প্রার্থীর নির্বাচনি এজেন্ট মো. পয়গাম আলী।

এর আগে গত ১৩ অক্টোবর রাতে ঠাকুরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া মসজিদে এশার নামাজ শেষে গণসংযোগের সময় দেলাওয়ার হোসেনকে বাধা ও হেনস্তার চেষ্টার অভিযোগে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনকেও শোকজ করা হয়। অভিযোগে যুবদল নেতা মানিক, ছাত্রদল নেতা আল-আমিন ও আলমগীরসহ ১৫ থেকে ২০ জন অস্ত্রধারীর কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় দেলাওয়ার হোসেনের নির্বাচনী এজেন্ট মোহাম্মদ আলমগীর নির্বাচন কমিশনে অভিযোগ করেন।

শনিবার ফয়সল আমীনের পক্ষে তার প্রতিনিধি অ্যাডভোকেট মো. এনতাজুল হক লিখিত জবাব দেন। জবাবে অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলা হয়, নির্বাচনে তাঁর সম্ভাব্য বিজয় বাধাগ্রস্ত করা এবং নির্বাচনি পরিবেশ প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে এ অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তাঁর কোনো নেতা-কর্মী জড়িত ছিলেন না বলেও দাবি করা হয়।

এদিকে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে শিক্ষক মো. জুলফিকার রহমানকে শোকজ করা হয়েছে। জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও পৌর যুব বিভাগের সভাপতি মো. রাজিউর রহমানের অভিযোগ, রুহিয়া উপজেলার সেনুয়া ইউনিয়নে বিএনপির নির্বাচনি কার্যালয় উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য দেন ওই শিক্ষক। এসব বক্তব্যের ভিডিও ফেসবুকেও প্রকাশ করা হয়। এ ঘটনায় আচরণবিধিমালার ২১(ক) ও ২১(খ) বিধান লঙ্ঘনের অভিযোগে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অন্যদিকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাজু আলীকে নোটিশ দেওয়া হয়। লিখিত জবাবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, গত ৫ অক্টোবর রাতে তিনি ৩৮ জন সহকর্মীর সঙ্গে কোথাও একত্রিত হননি এবং ফয়সল আমীনের সঙ্গেও কোনো বৈঠক করেননি। অভিযোগে উল্লেখ করা সংগঠনটির অস্তিত্ব নেই দাবি করে তিনি বলেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তাঁকে অভিযুক্ত করা হয়েছে।

দেলাওয়ার হোসেনের নির্বাচনি এজেন্ট মোহাম্মদ আলমগীর অভিযোগ করে বলেন, “তাদের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন। অন্যদিকে রাজিউর রহমানও শিক্ষকের বিরুদ্ধে সরাসরি নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ তুলে আচরণবিধি লঙ্ঘনের দাবি করেন”।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, “অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিত জবাব ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫০ হাজার ৫৩ জন, নারী ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসন ছেড়ে দেওয়ায় আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা