ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ২১:৪৬ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ২২:০৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশিকুল ইসলাম নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) বিকালে শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশিক জেলা শহরের মেড্ডা এলাকার বাসিন্দা।
তিনি ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং স্থানীয় অনলাইন পোর্টাল ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’ এর নিজস্ব প্রতিবেদক ছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ফারুকী পার্ক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’ এর একটি মাসিক সভা শেষ করে অটোরিকশায় কুমারশীল মোড়ের দিকে আসছিলেন আশিকসহ কয়েকজন। অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছুদূর আসার পর রায়হান নামে এক যুবক কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের ওপর হামলা করে। তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, কী কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। তবে সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।