প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৩:২৫ পিএম
হামদহ কেন্দ্রীয় কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এসআরবি-৬ খুলনার অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্ণেল নিস্তার আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬) খুলনার অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্ণেল নিস্তার আহমেদ বলেছেন, অপরাধ করে পার পাওয়ার কোনও সুযোগ এ দেশে নেই। আইন অনুযায়ী অপরাধীর বিচার হবেই হবে।
রবিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ শহরের হামদহ কেন্দ্রীয় কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার সার্বিক পরিস্থিতি দেখতে রবিবার সকালে ঝিনাইদহে পৌঁছান তিনি। পূজা উৎসবস্থল পরিদর্শনকালে মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে খুলনা বিভাগের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার বিবরণ তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, খুলনা বিভাগের প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার পূজা মণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।
এ সময় তার সাথে ঝিনাইদহ এসআরবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পূজা মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।