সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ০৯:৩৬ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ০৯:৫০ এএম
শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী।
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে শনিবার রাত ১১টার দিকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বলেন, “রাত ১১টার দিকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে এই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।”
ধর্ম অবমাননার অভিযোগে উত্তেজনা, পরে গণপিটুনি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শামীম (৩৮) ও তার স্ত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অডিওতে ধর্ম অবমাননাকর মন্তব্য রয়েছে- এমন অভিযোগ ওঠার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শামীমের বাড়িতে হামলার চেষ্টা করা হয়। ওই দিন স্থানীয় একটি বাজারে তাকে মারধর করা হয়।
পরদিন মঙ্গলবার বিকালে স্থানীয় এক পল্লিচিকিৎসকের চেম্বারে চিকিৎসা নেওয়ার সময় একদল লোক শামীমকে সেখান থেকে বের করে আবার মারধর করে।
পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগ রয়েছে, রাতে ফজলুল হক আমিনীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে হাসপাতালে হামলা চালানো হয়। সেখান থেকে শামীমকে ছিনিয়ে নিয়ে আবারও মারধর করা হয়। পরে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শামীমের বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এতে ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়।
আগেও একাধিক ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ
স্থানীয় কয়েকজনের অভিযোগ, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেবহাটার পারুলিয়া এলাকায় ফজলুল হক আমিনী আরও বেপরোয়া হয়ে ওঠেন।
এর আগে বিভিন্ন ঘটনায় মব তৈরি ও বিচারবহির্ভূত নির্যাতনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পারুলিয়ার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে মারধর করা হয়।
একই বছরের অক্টোবরে সোহাগ হোসেন নামের এক যুবকের বাড়িতে হামলা ও গণপিটুনির ঘটনা ঘটে। পারুলিয়া ইউনিয়নের এক সদস্যের বাড়িতেও ধর্ম অবমাননার অভিযোগ তুলে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ রয়েছে।
এসব ঘটনায় ফজলুল হক আমিনীর নেতৃত্ব বা উসকানির অভিযোগ উঠেছে।
আমিনী দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে তিনি নিজের অবস্থান থেকে নেতৃত্ব দেন বলে জানিয়েছেন।
আগের কয়েকটি ঘটনায় উপস্থিত থাকা ও নেতৃত্ব দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ফেসবুকে পোস্ট ও লাইভের মাধ্যমে লোক জড়ো করে এসব কর্মকাণ্ড পরিচালনার কথাও তিনি প্রকাশ্যে বলেছেন বলে অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করলে আপত্তি নেই এবং শাস্তি হলেও আফসোস করবেন না- এমন বক্তব্যও দিয়েছেন তিনি।
নিজের সামাজিক ও পেশাগত পরিচয়ের বিষয়ে আমিনী জানান, তিনি পারুলিয়া বাজারে গরু-ছাগল জবাইয়ের কাজ করেন, মোটরসাইকেলচালক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন মসজিদে ইমামের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন।
আমিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি
শামীম হত্যা মামলায় প্রধান আসামি হওয়ার পর থেকে আমিনীকে এলাকায় দেখা যাচ্ছিল না বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
তবে ফেসবুকে পোস্ট দিয়ে তার পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছিল বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছিল পরিবারটি।
এ ঘটনায় মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো ব্যক্তি রাষ্ট্রের আইন নিজের হাতে তুলে নিতে পারেন না।
তার মতে, ফজলুল হক আমিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে রাষ্ট্রের দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, এ ধরনের মব সন্ত্রাস বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অভিযোগের যথাযথ তদন্ত এবং আইনি প্রক্রিয়ায় দায়ীদের বিচারের আওতায় আনা জরুরি।