প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২২:৪৮ পিএম
দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদযাপন করতে জয়পুরহাটে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এসআরবি-৫। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
উৎসবমুখর পরিবেশে মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, আলোকসজ্জা আর ভক্তদের পদচারণায় মুখরিত জনপদ। অন্যদিকে পূজাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ
খুলনা : শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে খুলনা জেলা ও মহানগরীর ৩৯৪টি মণ্ডপে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)। শনিবার খুলনার ধর্মসভা মন্দিরে প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ২১৯টি মণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি-১১। এর মধ্যে ৯৩টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার শহরের রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, সিসিটিভি পর্যবেক্ষণ, ড্রোন নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
ময়মনসিংহ : নগরী থেকে গ্রামÑ সবখানে চলছে শারদীয় দুর্গোৎসবের আমেজ। এ বছর জেলায় ৮১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নিরাপত্তায় পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নড়াইল : একপাশে আজানের ধ্বনি, অন্যপাশে উলুধ্বনি। মাত্র ১০০ ফুটের ব্যবধানে মসজিদ ও মন্দির। বছরের পর বছর ধরে পাশাপাশি দুই ধর্মের মানুষের উপাসনা চলছে নির্বিঘ্নে। নড়াইল শহরের মহিষখোলা এলাকার এ চিত্র যেন সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতিচ্ছবি।
শুধু মহিষখোলা নয়, শহরের কুড়িগ্রাম ও পুলিশ লাইন এলাকাতেও পাশাপাশি মসজিদ-মন্দির ঘিরে গড়ে উঠেছে সম্প্রীতির পরিবেশ। এ বছর নড়াইল জেলায় ৫৪৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
জয়পুরহাট : দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদযাপন করতে জয়পুরহাটে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এসআরবি-৫। শনিবার দুপুরে মাদারগঞ্জ মন্দির পরিদর্শন শেষে ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইসতিয়াক বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
গাজীপুর : সারা দেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ ১২ হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স। শনিবার গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ তথ্য জানান।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : জেলার নাচোলে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী ১০০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিনি কনফারেন্স রুমে এ শাড়ি বিতরণ করা হয়।
পোরশা (নওগাঁ) : নওগাঁর পোরশায় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ২৪টি এবং ব্যাটালিয়নের তিন কিলোমিটারের মধ্যে থাকা ৬৭টি পূজামণ্ডপ বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। ঘোড়াঘাট (দিনাজপুর) : ঘোড়াঘাট উপজেলায় ৩৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব সদস্য আগামী ২২ অক্টোবর পর্যন্ত দায়িত্বে থাকবেন।
তজুমদ্দিন (ভোলা) : তজুমদ্দিন উপজেলায় ১৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অরবিন্দু দে টিটু।
নগরকান্দা (ফরিদপুর) : নগরকান্দা ও সালথায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা। নগরকান্দায় ৬৩টি ও সালথায় ৪৬টি মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে।
বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক দরিদ্র বিধবা নারীর মধ্যে নতুন শাড়ি বিতরণ করেছেন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ। গত শুক্র ও শনিবার বনপাড়া পৌর এলাকার বিভিন্ন মণ্ডপে গিয়ে তিনি এসব শাড়ি বিতরণ করেন।
তারাকান্দা (ময়মনসিংহ) : শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের হাতে উপহার তুলে দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বেতাগী (বরগুনা) : বরগুনার বেতাগী উপজেলায় ৩৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২১৪ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া এসব তথ্য জানান।