নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২২:৩৭ পিএম
নরসিংদীর মনোহরদী চালাকচর তামাককান্দা গ্রামে নিজ বাসভবনে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় আর্থিক অনুদান তুলে দেন মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘এটি বিএনপি সরকার আমলের প্রথম পূজা, সরকার পূজায় সার্বিক সুদৃষ্টি রাখছে। বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ অসাম্প্রদায়িক ধ্যান-ধারণার মানুষ। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক ছাতার নিচে সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ বসবাসের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
শনিবার সকালে নরসিংদীর মনোহরদী চালাকচর তামাককান্দা গ্রামে নিজ বাসভবনে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মন্ত্রী বলেন, স্বাধীনতার পরই এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে পূজায় সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি পূজায় অসহায়দের শাড়ি উপহার দেওয়া হয়েছে। পূজায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সজাগ দৃষ্টিতে রয়েছে। পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দ সুন্দরভাবে পূজা উদযাপনে সহযোগিতা করছেন।
বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে ও মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায়, সাধারণ সম্পাদক সুকোমল মোধক প্রমুখ।
পরে ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।