কয়রা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২২:০৮ পিএম
খুলনার উপকূলীয় উপজেলা কয়রার সবচেয়ে দুর্যোগপ্রবণ ও নদী ভাঙনকবলিত এলাকায় নির্মাণ করা হয়েছে ‘মুজিব কিল্লা’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার উপকূলীয় উপজেলা কয়রার সবচেয়ে দুর্যোগপ্রবণ ও নদী ভাঙনকবলিত এলাকায় নির্মাণ করা হয়েছে ‘মুজিব কিল্লা’। এটি এখন গোখাদ্য রাখার ঘর ও মাদকের আড্ডাখানায় পরিণত হয়েছে।
স্থান নির্বাচনে ভুল এবং বাস্তবায়নে অনিয়মে সরকারের পৌনে ২ কোটি টাকার পুরোটাই অপচয়ের খাতায় নাম লিখিয়েছে বলে অভিযোগ উঠেছে। চুক্তিপত্র অনুযায়ী যে টাকা পরিশোধের কথা ছিল, তা চেয়ে বেশি দেওয়া হয়েছে। সম্প্রতি সরেজমিন হরিণগর গ্রামে গিয়ে দেখা যায়, কিল্লাটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ময়লা জমে থাকা কক্ষগুলোর মধ্যে স্থানীয়রা গরুর খড় ও শুকনো গোখাদ্য রেখেছেন। হরিণগর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, প্রশাসনিক তদারকি না থাকায় অনেকে খড় রেখে গোখাদ্যের গুদাম বানিয়ে ফেলেছেন। রাতে এখানে মাদকাসক্তদের আড্ডা বসে।
কাগজে-কলমে কিল্লাটি উপজেলা ইউএনওর কাছে হস্তান্তর করা হলেও স্থানীয়রা এর কোনো সুফল পাচ্ছেন না। শুধু তাই নয়, এটি চালুর আগেই খসে পড়ছে কিল্লার পলেস্তারা, ফাটল ধরেছে পিলারে এবং চুরি হয়ে গেছে সোলার প্যানেল, ব্যাটারি ও ফ্যান।
প্রকল্প সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে আমাদী ইউনিয়নের হরিণগর গ্রামে ৯৯ শতাংশ খাসজমির ওপর এটি নির্মাণের সিদ্ধান্ত হয়। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি কাজ শুরু হয়ে একই বছরের ১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। ১ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৯৬৯ টাকা চুক্তি মূল্যে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স এম এম ব্রাদার্স’। তবে সময় বাড়িয়ে কাগজপত্রে কাজ শেষ দেখিয়ে ইতোমধ্যে ঠিকাদারকে চুক্তিপত্রের টাকার চেয়ে বেশি অর্থাৎ ১ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ৪২২ টাকা পরিশোধ করা হয়েছে।
কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির বলেন, পরিদর্শনে গিয়ে দেখলাম সোলার, ব্যাটারি ও ফ্যান চুরি হয়ে গেছে। এ বিষয়ে কয়রা উপজেলা ইউএনও আব্দুল্লাহ আল বাকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।