× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞায় সহায়তার চাল পেয়েও দুশ্চিন্তায় জেলেরা

সাইদুল ইসলাম মন্টু, বেতাগী (বরগুনা)

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২২:০৫ পিএম

বেতাগীতে সরকারি সহায়তা হিসেবে জনপ্রতি ২৫ কেজি চাল পেয়েও দুশ্চিন্তায় জেলেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বেতাগীতে সরকারি সহায়তা হিসেবে জনপ্রতি ২৫ কেজি চাল পেয়েও দুশ্চিন্তায় জেলেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে বিষখালী নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন শত শত জেলে। ফলে বন্ধ দৈনন্দিন আয়। অথচ পরিবারের ভরণপোষণ, সন্তানের পড়াশোনা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ থেমে নেই। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা হিসেবে জনপ্রতি ২৫ কেজি চাল পেয়েও দুশ্চিন্তায় জেলেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, এখানকার জেলেদের বড় একটি অংশ বিষখালী নদীতে মাছ ধরার জীবিকায় নির্ভরশীল। নিষেধাজ্ঞার কারণে নৌকা ও ট্রলার অলস পড়ে রয়েছে। জাল মেরামত, নৌকা-ট্রলারের রক্ষণাবেক্ষণ কিংবা ঘাটে বসে জাল বুনে সময় কাটছে অনেক জেলের। কাজ না থাকায় হাতে নগদ টাকার অভাব, অন্যদিকে বাজারে নিত্যপণ্যের দাম যেন বাড়তি চাপ।

জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় তাদের বিকল্প আয়ের ব্যবস্থা না থাকায় পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হয়। সরকারি সহায়তার চাল দিয়ে কোনোভাবে খাবারের চাহিদা মেটানোর চেষ্টা করলেও ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে নগদ অর্থের প্রয়োজন হয়। এর সাথে রয়েছে ঋণের কিস্তি ও সন্তানদের পড়াশোনার খরচও। 

বেতাগী পৌরসভার ৪ নং ওয়ার্ডের জেলে সুরেশ হালদার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকার থেকে যে ২৫ কেজি চাল দেওয়া হচ্ছে, তা দিয়ে পরিবারের সবার খাবারের চাহিদা পূরণ করা সম্ভব নয়। একই ওয়ার্ডের জেলে জাহিদুল ইসলাম বলেন, যে চাল পাই তা দিয়ে তো আর সব খরচ চলে না। ৮ নং ওয়ার্ডের জেলে রাফসান বলেন, গত দুই-তিন বছর ধরে বিষখালী নদীতে তেমন মাছ পাচ্ছি না। সংসারের খরচ চালানো এখন কঠিন হয়ে পড়েছে। কেওড়াবুনিয়া গ্রামের জেলে সোহরাব হোসেন বলেন, সরকারে যদি অবরোধকালীন আর্থিক সহায়তা বাড়িয়ে দেয়, তাহলে আমরা নিশ্চিন্তে থাকতে পারব। 

বেতাগী উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আব্দুর রব বলেন, সরকার জেলেদের যে পরিমাণ চাল সহায়তা দিচ্ছে, তা দিয়ে তাদের সংসার চালানো সম্ভব নয়। তাই নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও জরুরি।

বেতাগী বন্দরের মৎস্য ব্যবসায়ী আলম হাওলাদার বলেন, জীবিকার সংকটে জেলেরা যদি পেশা পরিবর্তন করতে বাধ্য হন, তাহলে দেশের মৎস্যসম্পদ আহরণ ও সংরক্ষণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

বেতাগী উপজেলার অতিরিক্তি মৎস্য কর্মকর্তা মারফ হোসেন মিনার জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে এ উপজেলায় ৩ হাজার ৪০ জন জেলেকে জনপ্রতি ২৫ কেজি করে চাল ইতোমধ্যে অধিকাংশ ইউনিয়নেই বিতরণ করা হয়েছে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করছি জেলেদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা