× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফকির লালনের তিরোধান দিবস

ভক্তদের পদচারণায় মুখরিত আখড়াবাড়ি

মোমিন ইসলাম, কুমারখালী (কুষ্টিয়া)

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২১:৪৮ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ২১:৫৪ পিএম

ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে শনিবার থেকে শুরু হয়েছে আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের তিন দিনের অনুষ্ঠানমালা ও গ্রামীণ মেলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে শনিবার থেকে শুরু হয়েছে আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের তিন দিনের অনুষ্ঠানমালা ও গ্রামীণ মেলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে শনিবার থেকে শুরু হয়েছে আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের তিন দিনের অনুষ্ঠানমালা ও গ্রামীণ মেলা।

আখড়াবাড়ি প্রাঙ্গণ এখন মুখরিত লালনভক্ত, অনুসারী বাউল, ফকির, সাধসহ দর্শনার্থীদের পদচারণায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আখড়াবাড়ির বাইরে কালী নদীর পাড়ঘেঁষা মূলমঞ্চে উদ্বোধনকালে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমরা চাই, লালনের জীবন-দর্শন সারা দেশের মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। জাত-পাত ধর্ম-বর্ণ নির্বিশেষে লালন মানুষ।’ তিনি বলেন, কুষ্টিয়া এক দিন লালন নগরী হবে। এখানে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। গড়াই-মধুমতিতে আবার নৌকা চলবে, সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান, লালনের শিক্ষা স্কুলেও পৌঁছে যাক। সাম্প্রতিক সময়ে বিশ্বে নানা ধরনের পরিচয়কেন্দ্রিক সংঘাত তৈরি হয়েছে। মানুষ নিজের পরিচয় সামনে এনে সংঘাতে জড়াচ্ছেÑ কেউ সাদা না কালো, মুসলিম না হিন্দু, ইহুদি না মুসলিম। এ সময় লালনের দর্শন বর্তমান বিশ্বের জন্য অত্যন্ত জরুরি।

অনু্ষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা আসনের সংরক্ষিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক ড. রশিদুন নবী।

সরেজমিন দেখা যায়, আখড়াবাড়ির আঙিনায় বাউলভক্ত-অনুসারী তাঁবু গেড়ে আস্তানা তৈরি করেছেন। পৃথক এসব আস্তানার মধ্যে অবস্থান নেওয়া বাউলরা একতারা ও দোতারাসহ নানা বাদ্যের তালে গেয়ে চলেছেন লালন সাঁইয়ের গান। আখড়াবাড়ির খাদেম মোহাম্মাদ আলী শাহ বলেন, প্রতিবছরের মতো এবারও সাঁইজির তিরোধান দিবসে মায়ার টানে দূর-দূরান্ত থেকে অগণিত ভক্ত ছুটে এসেছেন। কুমিল্লা থেকে আগত লালন অনুসারী মোমিন সাধু বলেন, এখানে আসি মূলত নিরিবিলি পরিবেশে সাঁইজির মর্মবাণী চর্চাসহ ভক্তদের উজ্জীবিত করা ও পরস্পর ভাব বিনিময়ের জন্য। 

এ মেলায় কেন আসেন, কী পেয়েছেন?Ñ এমন প্রশ্ন করতেই ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ গেয়ে উঠেন সিরাজগঞ্জের বেলকুচি থেকে আগত আনান ফকির। তিনি বলেন, ‘এখানে আসতে কাউকে নিমন্ত্রণ করা লাগে না। সবাই সাঁইজির প্রেমের টানে ছুটে আসে।’ বয়োজ্যেষ্ঠ ফকির আব্দুর রাজ্জাক শাহ বলেন, মানবতা ও অসাম্প্রদায়িকতার যে বাণী লালন সাঁইজি প্রচার করে গেছেন, তা আজও প্রবহমান।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা কালাইয়ের রুটি ব্যবসায়ী সালামত সরদার বলেন, ২৬ বছর ধরে লালন মেলা করছি। গতবার ভালো লাভ হয়েছিল। এবারও বেচাকেনা ভালো। তবে জায়গা ভাড়া গত বছরের তুলনায় অনেক বেশি।

১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল ফকির লালন শাহের দেহত্যাগের পর থেকে তার স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এমন আয়োজন করে আসছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা