নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২১:২৬ পিএম
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএমইউজে ও সাংবাদিক ইউনিটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার ঘটনায় তার স্ত্রী আনন্দিতা সাংমা মামলা করেছেন। গত শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনন্দিতা সাংমা অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর থেকে জড়িত আসামিদের শনাক্তের কাজ চলছে। আশপাশের সিসিটিভির ফুটেজ, ঘটনার আলামত বিশ্লেষণ, আলিফের ফেসবুক ফেজে পোস্টÑ এসব মাথায় রেখে তদন্ত চলছে। শিগগির জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এর আগে শুক্রবার বিকালে আলিফের মরদেহের ময়নাতদন্তের পর কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্বামী হত্যার বিচার চেয়ে আলিফের স্ত্রী বলেন, আমি তো আমার স্বামীকে আর ফিরে পাব না। তবে থানায় অভিযোগ দায়ের করেছি। যারা তাকে হত্যা করেছে, আমার অবুঝ দুটি শিশুকে পিতৃহারা করেছে, পুলিশ তাদের শনাক্ত করে আইনের আওতায় আনুক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল এলাকায় একটি চা দোকানের সামনে গুলি করে হত্যা করা হয় সাংবাদিক আলিফকে। তিনি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। যেখানে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত পোস্ট দিতেন।
জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন : এদিকে সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোণা সাংবাদিক সমাজ ও দুর্গাপুর প্রেস ক্লাব। শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রেস ক্লাবের সামনে এবং একই সময় দুর্গাপুর প্রেস ক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতারা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানান। একই দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখা ও জেলা সাংবাদিক ইউনিট এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলা সাংবাদিক সমাজ।