শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলাসহ উপকূলীয় অঞ্চলে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: কোস্ট গার্ডের মিডিয়া সেল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলাসহ উপকূলীয় অঞ্চলে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার সকালে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় দায়িত্ব পালন করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন ছয় জেলার ১৮টি উপজেলার উপকূলীয় অঞ্চলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব এলাকায় ৩৭১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন কোস্ট গার্ড সদস্যরা।
পূজা চলাকালে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ড সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। হিন্দুধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও নিরাপদে উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।