টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৮:৫৭ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ১৯:০০ পিএম
কোলাজ: এআই
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে উখিয়ার ইনানীতে টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া একই পরিবারের ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রিসোর্টটিতে শনিবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেলিতা মেহেজাবিন আলভি।
নিহত অন্যদের মধ্যে মালিহা, মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহমেদের নাম জানা গেছে। পরিবারের নয়জন সদস্য ওই রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন বলে জানা গেছে। নিহত নাফিজ, নাবিলা, মালিহা ও আলভি পরস্পরের কাজিন। ফারিহা কবির নাফিজের বড় বোন এবং শিশু ফাইজান তার ভাগনে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৭টা ২৩ মিনিটের দিকে রিসোর্টটিতে আগুন লাগার খবর পান তারা। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, অগ্নিকাণ্ডে আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছিল।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। তিনি এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক উল্লেখ করে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা মারা গেছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এ শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিমও অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে ও উদ্ধারকাজ চলমান রয়েছে।