কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৬:৩৮ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ১৭:৪৬ পিএম
রৌমারীতে শনিবার ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হন। ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের পর অটোরিকশাটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুই শিশুর মৃত্যু হয়।
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নিহতদের পরিচয় জানা গেছে। তারা হলেন, উপজেলার চতলাকান্দা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী লিপি, তার দুই শিশু সন্তান রিশাদ ও তুবা এবং লিপির বোন শরিফা। অন্যজনের নাম-পরিচয় তাতক্ষণিকভাবে জানা যায়নি। তবে তিনি অটোরিকশাচালক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা সহিজল ইসলাম ও আবু বকর সিদ্দিক জানান, রাজিবপুর থেকে রৌমারীগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমি ঘটনাস্থলে আছি। দুই নারী ও এক পুরুষসহ তিনজনের মরদেহ হাসপাতালে পাঠিয়েছি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, “আমরা এ পর্যন্ত পাঁচজনের মরদেহ পেয়েছি। তাদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। পুরুষ ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোরিকশাচালক বলে জানা গেছে।”