× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরের ৪৮টি স্বাস্থ্যকেন্দ্র বেহাল দশায়

নাছরুল্লাহ আল-কাফী, পিরোজপুর

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৫:৩৪ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ১৭:০১ পিএম

জরাজীর্ণ পিরোজপুর সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জরাজীর্ণ পিরোজপুর সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুর জেলার স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। একদিকে মাসের পর মাস ঔষুধ সরবরাহ বন্ধ। অন্যদিকে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। 

জেলার সাতটি উপজেলার ৫৪টি ইউনিয়নে রয়েছে ৪৩টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। কিন্তু এগুলোর ২৩টিতে প্রায় সাত মাস ধরে ঔষধ সরবরাহ বন্ধ। বাকী ২০টি কেন্দ্রও প্রায় তিন মাস ধরে দেওয়া হচ্ছে না কোনো ঔষধ। 

এছাড়া তিনটি উপজেলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে পাঁচটি। তার মধ্যে ৪টিতে প্রায় সাত মাস ধরে নেই কোনো ঔষধ। বাকী যে একটি রয়েছে তাতেও তিন মাস ধরে নেই ঔষধ। মোট ৪৮টি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ২৭টিতে প্রায় সাত মাস ধরে সব ধরনের ঔষধ সরবরাহ বন্ধ এবং বাকী ২১টিতে প্রায় তিন মাস ধরে ঔষধ বন্ধ রয়েছে। 

এছাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর ৪৩টি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১১ জন। পাশাপাশি অন্যান্য পদেরও ব্যপক ঘাটতি রয়েছে। সেই সঙ্গে বেশির ভাগ ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে নানা সমস্যার ঘেরাটোপে পড়ে মানুষের দোরগোড়ার স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। 

পাশাপাশি পাঁচটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ছয়টি চিকিৎসক পদের বিপরীতে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্যসেবার কাজ। ৪৮টি কেন্দ্রের ৪৯টি পদের বিপরীতে ১২ জন চিকিৎসক দিয়ে কাজ চালাতে হচ্ছে। 

এতে চরম ভোগান্তিতে পড়েছেন গরিব ও স্বল্প আয়ের মানুষ। স্বাস্থ্যকেন্দ্রগুলোয় দ্রুত ওষুধ সরবরাহের ব্যবস্থা করা এবং এগুলোতে যে সমস্যা রয়েছে তা সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

সরেজমিনে দেখা যায়, সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্রত নিলেও তা হোঁচট খাচ্ছে।  পিরোজপুর জেলার গ্রামীণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এসব স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন হতদরিদ্র ও স্বল্প আয়ের অসংখ্য মানুষ চিকিৎসাসেবা নেন। কিন্তু বর্তমানে নানা সংকটে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

বেশির ভাগ স্বাস্থ্যকেন্দ্রে ঔষুধ নেই। একদিন দুইদিন নয়, টানা ৭ মাস সরকারি ঔষুধ পাচ্ছে না রোগীরা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিরোজপুর সদরের আটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের (এসএসিএমও) সাতটি পদ থাকলেও চলছে দুইজনকে দিয়ে। জিয়ানগর উপজেলার অবস্থা আরও খারাপ, এখানে তিনটি স্বাস্থ্যকেন্দ্রে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা দিয়ে কাজ চালানো হচ্ছে। নাজিরপুর উপজেলার অবস্থাও খুব সন্তোষজনক নয়। এখানে পাঁচটি স্বাস্থ্যকেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ রয়েছে পাঁচটি। তবে তিনজনকে পাঁচজনের কাজ সামাল দিতে হচ্ছে। অবাক হওয়ার মতো বিষয় হলোÑ কাউখালী উপজেলায় যে চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রয়েছে, এই কেন্দ্রগুলোর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার চারটি পদই শূন্য, তবে কেন্দ্রগুলো পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে কার্যক্রম চালাচ্ছে। এসব কেন্দ্রে প্রায় ৩ মাস ধরে ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে। 

এছাড়া জেলার ভান্ডারিয়ায় রয়েছে ছয়টি স্বাস্থ্য কেন্দ্র এবং এর ছয়টি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা্র পদের মধ্যে একজন রয়েছেন। একই অবস্থা নেছারাবাদে। এ উপজেলায় আটটি স্বাস্থকেন্দ্র। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার আটটি পদে লোক থাকার কথা থাকলেও আছে তিনজন। মঠবাড়িয়ায় নয়টি স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার নয়টি পদের মধ্যে  একজনকে দিয়ে চালানো হচ্ছে। এই কেন্দ্রগুলোতেও প্রায় ৭ মাস ধরে বন্ধ ঔষধ সরবরাহ বন্ধ। 

এদিকে ২০ শয্যার পিরোজপুর সদর উপজেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসক সংকট থাকায় প্রায় পাঁচ বছর ধরে অপারেশন বন্ধ। দুইজন চিকিৎসকের পরিবর্তে আছে একজন। ভবনটিও ঝুঁকিপূর্ণ। এখানে প্রায় দুইমাস ধরে নেই প্রয়োজনীয় ওষুধ। ধীরগতিতে চলছে স্বাস্থ্যসেবা। ১০ শয্যার ভান্ডারিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে একটি মাত্র চিকিৎসক পদ থাকলেও তা শূন্য। মঠবাড়িয়ায় তিনটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে তিনটি চিকিৎসক পদ। কিন্তু পদগুলো শূন্য। এই চারটি কেন্দ্রও প্রায় সাত মাস ধরে ঔষধ পায় না।

এসব স্বাস্থ্য কেন্দ্রের ৪৯টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র বারজন। বাকী ৩৭টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ ২৪ শতাংশ কর্মকর্তা দিয়ে চলছে কার্যক্রম। আর ৭৬ শতাংশ পদই শূন্য। এসব কেন্দ্রের মধ্যে বেশির ভাগ ভবনই জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ থাকায় স্বাস্থ্যসেবাও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।

এছাড়া বেশকিছু স্বাস্থ্যকেন্দ্রের দরজায় তালা ঝুলতে দেখা গেছে। এতে চিকিৎসাসেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন রোগীরা। অনেক রোগী বাধ্য হয়ে যাচ্ছেন জেলা ও উপজেলার হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে। এতে পরীক্ষা-নিরীক্ষাসহ গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা।  দ্রুত সমস্যার সুরাহার দাবি এলাকাবাসীর।

পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমিন খান বলেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মানুষ গেলে ঔষধ পায় না। পরিক্ষা-নিরীক্ষাও বাইরে গিয়ে করাতে হয়। একজন রোগী গেলেই অন্যত্র পাঠানোর চেষ্টা করে। ভবনটিও অনেক পুরোনো। পানি নিষ্কাশনের ব্যবস্থাও ভালো না। বাথরুমের অবস্থাও খুব খারাপ। তা ছাড়া হাসপাতালটির চারপাশে ময়লার ভাগাড় ও জঙ্গলের মতো অবস্থা হওয়ায় ডেঙ্গুর প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে আগে যেরকম চিকিৎসাসেবা পাওয়া যেত, এখন তার ধারের কাছে নেই।

সেবা নিতে আসা জিয়ানগরের চরনিপত্তাশী গ্রামের শারমিন আক্তার নামে এক গর্ভবতী নারী বলেন, এই পত্তাশী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে অনেক সময় লোকজন পাওয়া যায় না। অনেক কষ্ট করে এসেছি। কিন্তু আজও ডাক্তার পেলাম না। অনেকদিন ধরে ঔষধ পাইনা। কতৃপক্ষ এবং সরকারের কাছে দাবী জানাই দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয়, যাতে আর ভোগান্তি না হয়। 

একই উপজেলার কালাইয়া গ্রামের বাসিন্দা বয়স্ক আনোয়ারা বেগম চিকিৎসাসেবা নিতে এসে বলেন, অনেক দিন ঔষধ পাইনা। ঔষধ কিনবো তার টাকা নেই। আমরা গরিব মানুষ, এইভাবে ঔষধ বন্ধ করে দিলে কিভাবে বাঁচবো। 

ভান্ডারিয়া উপজেলা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা জাকিয়া পারভিন বলেন, এই উপজেলায় ছয়টি ইউনিয়নে ছয়টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। 

ছয়টি পদের বিপরীতে আমি একাই কাজ করছি। আমি ইকরি ও তেলিখালী এই দুটি কেন্দ্রের তিনটি পদের দ্বায়িত্ব পালন করছি। অন্যগুলোতে কেন্দ্রের পরিদর্শীকারা দ্বায়িত্ব পালন করেন। এখানে প্রায় সাত মাস ধরে কোনো ঔষধ ও ফ্যামিলি প্লানিংয়ের কোনো পদ্ধতিও নেই, যার কারণে আমরা সাধারণ রোগীদের সেবা দিতে পারছি না। বৃষ্টি হলে কেন্দ্রের ভবনও পানিতে ডুবে থাকে। কোয়াটার জরাজীর্ণ। পানি থাকে হাটুসমন। অফিসের দরজা জানালা সব ভেঙে গেছে। 

জিয়ানগর উপজেলা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা প্রিয়াঙ্কা বিশ্বাস বলেন, এই উপজেলায় পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোর তিনটি পদ থাকলেও আমি একজন আছি, অন্যদুটিতে আমার অতিরিক্ত দ্বায়িত্ব পালন করতে হয়। এছাড়া মাত্র একজন পরিদর্শীকা আছে, তারও অতিরিক্ত দ্বায়িত্ব পালন করতে হয়। পাশাপাশি বিগত তিন মাস ধরে আমাদের কেন্দ্র গুলোতে ঔষধ নেই। যার কারণে গরিব রোগীরা সেবা নিতে এসে হতাস হয়ে ফিরে যায়, বর্তমানে রোগীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ঔষধ ও জনবল সংকট নিরসনের দাবী জানাচ্ছি। 

নেছারাবাদ উপজেলা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আমাদের এই উপজেলায় আটটি স্বাস্থ্য কেন্দ্র আছে। তবে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা থাকার কথা আটজন। কিন্তু আমরা আছি মাত্র তিনজন। আমাদের তিনজনেরই অতিরিক্ত দ্বায়িত্ব পালন করতে হয়। এছাড়া আমাদের কেন্দ্রগুলোতে প্রায় ৬ থেকে ৭ মাস পর্যন্ত কোনো ঔষধ নেই, যার কারণে সাধারণ রোগীরা কেন্দ্রে এসে ফ্রীতে ঔষধ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে। 

পিরোজপুর সদর উপজেলা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা কৃষ্ণ সূতার বলেন, আমাদের এই উপজেলায় আটটি কেন্দ্র রয়েছে। এগুলোতে সাতজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা থাকার কথা। কিন্তু এগুলোতে আমিসহ দুজনে মিলে দ্বায়িত্ব পালন করি। লোকবল কম থাকার কারণে রোগীদের সেবা দিতে আমাদের কষ্ট হচ্ছে, তারপরও আমরা দ্বায়িত্ব হিসেবে নিয়েছি। এছাড়া দীর্ঘদিন ধরে ঔষধ না থাকায় রোগীরা এসে বিমুখ হয়ে ফিরে যাচ্ছে। আমাদের ২৫টি ঔষধের আইটেম আছে, সেই ঔষধ গুলো প্রায় তিনমাস ধরে শূন্য রয়েছে। কতৃপক্ষ বলছে প্রায় দুমাসের মতো সময় লাগবে ঔষধ পেতে। 

কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান খান বলেন, আমাদের এই উপজেলায় চারটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র আছে। এগুলোতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার চারটি পদ রয়েছে, তবে পদগুলো শূন্য। এগুলো পরিদর্শীকা দিয়ে চলছে। এছাড়া দীর্ঘদিন ধরে ঔষধ না থাকায়, সাধারণ রোগীরা ঔষধ পাচ্ছে না। 

পিরোজপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রর ইনচার্জ ডা. আবুল কালাম বলেন, আমাদের এখানে ঔষধ যা লাগে প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এখানে গত দুমাস ধরে ঔষধ নেই। তা ছাড়া প্রেগন্যান্সি কিট গত এক বছর ধরে নেই। এখানে আর একজন চিকিৎসক হলে নরমাল ডেলিভারির সংখ্যাটা দ্বিগুণ হবে।  

পিরোজপুর সদরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ হোসেন জানান, আমাদের মাঠ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির কিছু সংখ্যক পদ শূন্য রয়েছে। এ বিষয় ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। কতৃপক্ষ এই শূন্য পদগুলো পূরণ করলে আমাদের কার্যক্রম আরও বেগবান হবে। এছাড়া অনেকদিন ধরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ঔষধ সরবরাহ না থাকায় রোগীদের দেওয়া যাচ্ছে না। তবে খুব শীঘ্রই এ সমস্যার সুরাহা হবে বলে আশা করছি।

পিরোজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষ বলেন, বর্তমানে আমাদের কন্টাসেপ্টিসের কিছুটা সল্পতা আছে। এছাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যে মেডিসিন দেওয়া হতো তাতে টান পড়েছে। নভেম্বরে মেডিসিনের সমস্যা কেটে যাবে।

এছাড়াও তিনি বলেন, আমাদের কিছু জনবল সংকট আছে। ঊর্ধ্বতন কতৃপক্ষ তা জানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টিও জানানো হয়েছে। আশা করা যায় সমস্যার সমাধান হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা