শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন বলে জানা গেছে। এদিকে, রিসোর্টের একটি কক্ষে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, সকালে হঠাৎ রিসোর্ট থেকে বিকট শব্দ শোনা যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য এর আগে ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছিলেন। পরবর্তী সময়ে উদ্ধার অভিযান চলাকালে মরদেহের সংখ্যা বেড়ে ১০-এ দাঁড়ায়।
প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে প্রাথমিকভাবে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।
তবে বাকি চারজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের মধ্যে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে আহত ছয়জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, আহতদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়েছেন।
তাদের শরীরের প্রায় পাঁচ শতাংশ পুড়ে গেছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর একজন পড়ে গিয়ে আহত হয়েছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টটি কাঠ দিয়ে তৈরি। এতে মোট কক্ষ ছিল নয়টি। আগুন লাগার সময় রিসোর্টটিতে প্রায় ৩০ জন অবস্থান করছিলেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে চার থেকে পাঁচজন বের হতে সক্ষম হন। বাকিদের অবস্থান ও পরিণতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছিল না।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর থেকে ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখবে।
সিআইডি কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রিসোর্টের একটি কক্ষে কয়েকজন আটকে থাকার খবর পাওয়া যাচ্ছে। তাদের উদ্ধারে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের সদস্যরা ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।