প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১২:৪৭ পিএম
উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: ভিডিও থেকে
কক্সবাজারের উখিয়ায় ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকার টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম শনিবার গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় উদ্ধার কার্যক্রমে বিজিবির অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শনিবার সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম ছয়জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আরও ইউনিট কাজ করে। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেল।
অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে প্রায় ৩০ জন অবস্থান করছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে চার থেকে পাঁচজন বের হতে সক্ষম হন বলে দাবি স্থানীয়দের। বাকিদের বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন সেখান থেকে চলে গেছেন বলে জানা গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।