× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে সড়কগুলো মেরামত

মনির ফয়সাল, চট্টগ্রাম

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১২:৪২ পিএম

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে সড়কগুলো মেরামত

পয়ঃনিষ্কাশন প্রকল্পের পাইপলাইন বসাতে খোঁড়া চট্টগ্রাম নগরের সড়কগুলো সংস্কারে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে এসব সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে অনেক সড়কের টেন্ডার দেওয়া হয়েছে, কিছুর প্রাক্কলন তৈরি হচ্ছে। তবে সংস্কার শুরুর আগ পর্যন্ত ধুলা, কাদা আর ভাঙাচোরা পথে ভোগান্তি পোহাচ্ছেন নগরের বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।

সংস্কারের প্রস্তুতি নিয়ে চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘যেসব কাজের যৌথ পরিমাপ ও হস্তান্তর সম্পন্ন হয়েছে, তার অনেকগুলোর টেন্ডার দেওয়া হয়েছে। কিছু টেন্ডার লাইভে আছে, কিছুর প্রাক্কলন তৈরি হচ্ছে। যেসব কাজ শেষ হয়েছে কিন্তু যৌথ পরিমাপ হয়নি, সেগুলো দ্রুত হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারাগুলোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ওই সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করার লক্ষ্য রয়েছে।’

তিনি বলেন, ওয়াসার নতুন এমডি যোগ দেওয়ার পর দুই সংস্থার প্রকৌশলীরা একসঙ্গে বসে কাজের অগ্রগতি, অনুমোদন ও যৌথ পরিমাপের হিসাব মিলিয়ে নিয়েছেন। তার মতে, অনেক সময় সড়ক হস্তান্তরের পরও নানা সমস্যার কারণে সেখানে বারবার খোঁড়াখুঁড়ি করতে হয়েছে। সে কারণে যৌথ পরিমাপ ও হস্তান্তর শেষ করেই স্থায়ী সংস্কারে যেতে চায় চসিক।

চট্টগ্রাম ওয়াসার প্রথম স্যুয়ারেজ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, পাইপলাইন বসাতে ওপেন কাট পদ্ধতিতে নগরের বিভিন্ন এলাকায় ১৫২ দশমিক ৫১ কিলোমিটারের কাজ হয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পে সংশোধিত ব্যয় ৫ হাজার ২১৯ কোটি টাকা, যার পুরোটাই সরকারি অর্থায়নে। মোট ২৬২ দশমিক ০৯ কিলোমিটার পাইপলাইনের মধ্যে ১৬৫ দশমিক ৬৬ কিলোমিটারের কাজ হয়েছে। চলতি বছরেই প্রকল্প শেষ করার পরিকল্পনা রয়েছে।

সরেজমিন দেখা গেছে, হালিশহরের নয়াবাজার বিশ্বরোড থেকে ফইল্যাতলী বাজারমুখী সড়কের বড় অংশজুড়ে জমে আছে ঘোলা পানি আর কাদা। ঠাসাঠাসি যাত্রী নিয়ে ধীরগতিতে চলছে টেম্পো ও অটোরিকশা। কাদাপানি ভেঙে রিকশায় স্কুলপড়ুয়া শিশুকেও যেতে দেখা গেছে। ছোটপুল থেকে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার সড়কের মাঝখানে জমে আছে পানি। মোগলটুলী থেকে মাদারবাড়ী সড়কটি ধুলা-কাদায় ঢাকা। কাঁটাবট গাছ থেকে পাঠানটুলী সড়কের একপাশে পড়ে আছে ইটের স্তূপ ও ভাঙা টিনের পাত।

মোগলটুলীর ব্যবসায়ী মোহাম্মদ আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ওয়াসার কাজ শেষ হয়েছে অনেক দিন আগে। কিন্তু এখনও সড়ক মেরামত হয়নি। চলাচলে যেমন অসুবিধা হচ্ছে, ব্যবসাতেও মন্দা চলছে। ঠিকমতো মালামাল আনা যায় না, দোকানে ক্রেতাও আসে না।

বড়পুলের মইন্যাপাড়ার বাসিন্দা মারুফ ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ওয়াসা কাজ শেষ করে গেছে মে মাসে। এরপর থেকে শুরু হয়েছে ভাঙা সড়কের কষ্ট। রোগী নিয়ে হাসপাতালে যাওয়াও অনেক কষ্টের।

আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার রিকশাচালক মাসুদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিশেষ করে ২৭ ও ২৮ নম্বর সড়কের অবস্থা সবচেয়ে শোচনীয়। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। আশা করি দ্রুত মেরামত হবে।

চলতি বছরের ১১ মে জনস্বার্থে এক গণবিজ্ঞপ্তি দেয় ওয়াসা। তাতে বলা হয়, কাজ শেষে কাটা সড়কগুলো ওয়াসা অস্থায়ীভাবে (ব্রিক সলিং ও ম্যাকাডামে) মেরামত করছে, আর স্থায়ী মেরামতের (বিটুমিন বা সিসি) প্রয়োজনীয় কার্যক্রম নিচ্ছে চসিক।

ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সড়ক কাটা বাবদ সিটি করপোরেশনকে ১২০ কোটি টাকা দেওয়া হয়েছে। রাস্তা কাটার আগেই মেরামত বাবদ অগ্রিম টাকা পরিশোধ করা হয়। সড়ক মেরামতের জন্য আমরা সিটি করপোরেশনকে বলেছি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা