× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধুঁকছে খুলনার লবণশিল্প

মাশরুর মুর্শেদ, খুলনা

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১২:৩১ পিএম

কক্সবাজারের কুতুবদিয়া থেকে অপরিশোধিত লবন সংগ্রহ করে খুলনায় আনা হয়। কাঁচামালের গুণগত মানের পার্থক্যের কারণে পরিশোধনে লবণ কারখানায় শোধনে ব্যস্ত শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের কুতুবদিয়া থেকে অপরিশোধিত লবন সংগ্রহ করে খুলনায় আনা হয়। কাঁচামালের গুণগত মানের পার্থক্যের কারণে পরিশোধনে লবণ কারখানায় শোধনে ব্যস্ত শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কারখানা আছে, উৎপাদন সক্ষমতা আছে, শ্রমিকও আছেন। অথচ বাজারে পণ্য বিক্রি নেই, নেই নিরবচ্ছিন্ন উৎপাদনের নিশ্চয়তা। কাঁচামালের বাড়তি দাম, পরিবহন ব্যয়, বিদ্যুতের উচ্চমূল্য ও গ্যাস সংকটে প্রতিযোগিতায় টিকতে পারছে না খুলনার লবণশিল্প।

একসময় ৩২টি মিল চালু থাকলেও এখন চলছে মাত্র ৯টি। আবার যেগুলো চালু আছে তার মধ্যে অনেক মিলে উৎপাদন হচ্ছে অনিয়মিতভাবে। এতে একদিকে যেমন পুঁজি হারাচ্ছেন উদ্যোক্তারা, অন্যদিকে কর্মহীন হয়ে অনিশ্চয়তায় পড়েছেন শ্রমিকরা। 

শিল্পসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজারের কুতুবদিয়া থেকে অপরিশোধিত লবণ সংগ্রহ করে খুলনার মিলগুলো। কাঁচামালের গুণগত মানের পার্থক্যের কারণে পরিশোধনে বাড়তি ধাপ প্রয়োজন হয়। এর সঙ্গে পরিবহন ব্যয় যুক্ত হয়ে উৎপাদন খরচ বেড়ে যায়। অন্যদিকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের অনেক মিলে গ্যাস-সুবিধা পাওয়ায় তুলনামূলক কম খরচে উৎপাদন করতে পারে। ফলে একই বাজারে প্রতিযোগিতা করতে গিয়ে পিছিয়ে পড়ছে খুলনার প্রতিষ্ঠানগুলো।

পদ্মা সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিক হায়দার আলী বলেন, তাদের কারখানায় ঘণ্টায় ২০ টন লবণ উৎপাদনের সক্ষমতা রয়েছে। অথচ এক দিন ৬ ঘণ্টা উৎপাদনের পর এক সপ্তাহ পর্যন্ত কারখানা বন্ধ রাখতে হয়। অধিকাংশ মিলের অবস্থা খারাপ, মালিকদের পুঁজিও শেষ হয়ে আসছে।

বাজার সংকটের ভয়াবহতা তুলে ধরে রূপসার নতুন বাজার এলাকার শাহ আমানত এন্টারপ্রাইজের মালিক নুরুল হুদা বলেন, একসময় মাসে প্রায় দেড় লাখ কার্টন প্যাকেটজাত ভ্যাকুয়াম সল্ট বিক্রি হতো। এখন বিক্রি নেমে এসেছে প্রায় তিন হাজার কার্টনে। সাদা ও ঝরঝরে লবণের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ায় দেশি প্যাকেটজাত লবণের বিক্রি কমেছে।

সংকটের চাপ সরাসরি পড়েছে শ্রমিকদের জীবনে। এক শ্রমিক বলেন, আগে তাদের কারখানায় প্রায় ১৫০ জন কাজ করতেন। এখন কাজ করেন ৪০ থেকে ৫০ জন। মাসে ১৫ দিনও কাজ মেলে না অনেকের। এ কাজ ছাড়া অন্য পেশায় দক্ষতা না থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাদের আয়ের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরাও পড়েছেন বিপাকে।

খুলনায় লবণশিল্পের যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে। ২০০৩ সালের মধ্যে মিলের সংখ্যা বেড়ে ৩২-এ পৌঁছায়। তবে লোকসান, জ্বালানি ও পুঁজি সংকটসহ নানা কারণে মিলের সংখ্যা কমতে কমতে বর্তমানে ৯টিতে দাঁড়িয়েছে। বর্তমানে খুলনার মিলগুলোতে বছরে গড়ে ৭০ থেকে ৭৫ হাজার মেট্রিক টন ভোজ্য ও শিল্প লবণ উৎপাদিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিসিক খুলনার উপমহাব্যবস্থাপক গোলাম সাকলায়েন বলেন, খুলনায় লবণ চাষ হয় না; এখানকার কারখানাগুলো অপরিশোধিত লবণ পরিশোধন করে। সরকার কাঁচামাল আমদানির অনুমতি দেওয়ায় শিল্পটির লাভবান হওয়ার সুযোগ রয়েছে। উদ্যোক্তাদের সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়ে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা