× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে একের পর এক অগ্নিকাণ্ড ঘিরে রহস্য!

তানভীর আহমেদ, গাজীপুর

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১২:০৯ পিএম

আগুরে পুড়ে যাওয়া শিল্পকারখানার চিত্র এখন গাজীপুর শিল্পাঞ্চলের নতুন রূপ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগুরে পুড়ে যাওয়া শিল্পকারখানার চিত্র এখন গাজীপুর শিল্পাঞ্চলের নতুন রূপ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাতাসে পোড়া গন্ধ। কলকারখানা ও ঝুটের গোডাউনে ছাইয়ের স্তূপ। কর্মসংস্থান রুদ্ধ। মূল্যস্ফীতি বৃদ্ধি। সব মিলিয়ে অর্থনীতিতে আগুন। ঝলসে যাওয়া দগ্ধ চিত্র এখন গাজীপুর শিল্পাঞ্চলের নতুন রূপ!

গাজীপুরের কলকারখানা ও ঝুট গোডাউনের অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধান করে দেখা যায, চলতি বছর, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি হতে অক্টোবর পর্যন্ত ছাব্বিশটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। (যদিও প্রকৃত সংখ্যা উপস্থাপনের চেয়ে বেশি)।

রহস্যজনক এসব আগুনের ঘটনা গাজীপুর মহানগরে ক্রমেই বাড়ছে। এতে একটি পক্ষ লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র।

খোঁজ নিয়ে জানা যায়, কলকারখানা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন বা পরিচালনা করতে রাষ্ট্রের কিছু নিয়মনীতি রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিপরীতে সুযোগ-সুবিধা পেতে হলেও দরকার হয় দাপ্তরিক কিছু ছাড়পত্রের। তবে গাজীপুরের কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান অত্যাবশ্যক এসব নথিপত্র ফাইলবন্দি রেখে অসাধ্যকে সাধন করে আদায় করে নিয়েছে ব্যাংকঋণ। সর্বশেষ ১৪ অক্টোবর টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড আগুনের ঘটনায় বন্ধ হয়। (তবে সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনা যাচাই করা সম্ভব হয়নি)

খোঁজ নিয়ে দেখা যায, ২০২৬ সালের প্রথম দিন গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ডের পশ্চিম শৈলডুবি এলাকার মো. মনির হোসেন, রিয়াজ উদ্দিন রাজু ও পাবেলের ঝুট গোডাউনে বৈদ্যুতিক শটসার্কিটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে কোনাবাড়ী, কাশিমপুর ও ডিবিএল গ্রুপ ও ঢাকা ইপিজেডের মোট ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই মনিরে মালিকানাধীন মেসার্স মনির এন্টারপ্রাইজের নামে কাশিপুরের পার্শ্ববর্তী আশুলিয়ার গণকবাড়ী ব্রাঞ্চ থেকে ১০ লাখ টাকা ঋণ মঞ্জুর করা হয়। ঋণের একটি কিস্তি পরিশোধের ঠিক এক মাস পরই আগুনের সূত্রপাত হয়।

অন্যদিকে ২০২৬ সালের ৩ মার্চ গাজীপুর সদরের ইউটা নিটিং অ্যান্ড ডাইং লি., কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকার সরকার নিট, ৬ মার্চ কোনাবাড়ী থানার হরিণাচালা এলাকার এসএন ফ্যাশন, ১৮ মার্চ বাসন এলাকার ড্রেস ইন স্টাইল লি., ৪ অক্টোবর পুবাইল থানার মাজুখান বাজারের পাশে বন্ধু ক্ষুদ্র বাণিজ্যালয় ঝুট গোডাউন, এর আগে ২০ জুন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গাজীপুর মহানগরীর পুবাইলের কলেজ গেট এলাকার ইকো গ্রিন অয়েল লি. টায়ার জ্বালিয়ে তার সঙ্গে কেমিক্যাল মিশিয়ে তেল তৈরির কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করলেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দপ্তর!

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের উপপরিচালক আরেফিন বাদল প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, ‘ইকো গ্রিন অয়েল লি.’-এর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। পাশাপাশি জনবল সংকটের কারণে সার্বিক নজরদারি করা কঠিন।

গাজীপুরের অধিকাংশ কারখানার ফায়ার লাইসেন্স ও স্থানীয় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বিপজ্জনকভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করলেও সংশ্লিষ্ট সবার টনক নড়ে দুর্ঘটনার পর। যদিও আইনানুযায়ী দুর্ঘটনার আগে ছাড়পত্রবিহীন কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা আদায়, সিলগালা বা কারখানার ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করার সুযোগ রয়েছে।

শটসার্কিটে সৃষ্ট অগ্নিকাণ্ডের বিষয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অতিরিক্ত জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটিতে আমাদের রাখা হয় না। তাহলে বিদ্যুৎ থেকে শটসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই রিপোর্ট হয় কীভাবে? তবে গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী, পিএফএম (এস) এসব বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

সার্বিক বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, আমরা নিয়মিত চেষ্টা করছি, যারা ব্যবসা করছে তারা যাতে নিয়মকানুন মেনে চলে। পাশাপাশি ফায়ার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং তা অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা