প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
সুন্দরবন ও বঙ্গোপসাগরের আকরাম পয়েন্ট পরিদর্শন এবং জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করতে ১৪ দিনের ব্যবধানে দুবার খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ২২ অক্টোবর সুন্দরবন সফর এবং ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ২২ অক্টোবর হেলিকপ্টারে দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে করমজল ও হারবারিয়া হয়ে আকরাম পয়েন্ট এবং হিরণ পয়েন্ট পরিদর্শনে যাবেন তিনি। এদিন দাকোপে তার কোনো প্রশাসনিক বা রাজনৈতিক কর্মসূচি নেই।
শুক্রবার জুমার নামাজের পর নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ স্থানীয় নেতারা।
এ সময় হেলিপ্যাড নির্মাণের স্থানসহ সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। ইতিমধ্যে সেখানে হেলিপ্যাড নির্মাণের কাজ শুরু হয়েছে।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম জানান, সফর উপলক্ষে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী জানান, ৫ নভেম্বরের ক্রীড়া আয়োজন সফল করতে ২৩ অক্টোবর ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে খুলনাসহ পার্শ্ববর্তী ১০ জেলার নেতাদের নিয়ে সমন্বয় ও প্রস্তুতি সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী সর্বশেষ ২ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।