রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ২২:৫০ পিএম
পিয়ারুল সরদার। ছবি: সংগৃহীত
রাজবাড়ী জেলা শহরের একটি মসজিদ থেকে বের হওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে পিয়ারুল সরদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদ থেকে বের হওয়া মাত্রই হেলমেট পরিহিত সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে এসে পিয়ারুলকে খুব কাছ থেকে গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর সেখানে দুটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মিঠুন বলেন, পিয়ারুল সরদারকে রাত পৌনে আটটার দিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। মরদেহটি বর্তমানে হাসপাতালে রয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, সজ্জনকান্দা পূর্বপাড়া মসজিদের সামনে পিয়ারুলকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত পিয়ারুলের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।