× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক আলিফ হত্যা

মাদকবিরোধী লেখার পুরস্কার ছয়টি বুলেট!

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ২২:২৯ পিএম

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার পেছনে তার মাদকবিরোধী লেখালেখির কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তার শরীরে ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে একটি গুলি পিঠে আটকে ছিল, যা ময়নাতদন্তের সময় উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি, গ্রেপ্তারও হননি কেউ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

আলিফ বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। সূত্রমতে, ওই পেজে সীমান্তে চোরাচালান, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে লেখালেখি এবং ভিডিও প্রকাশ করতেন আলিফ।

হত্যাকাণ্ডের প্রায় দুই ঘণ্টা আগে মাদক কারবারের অভিযোগে আলোচিত ইলিয়াস কাদের বাবুলকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আলিফ। এ স্ট্যাটাস এবং তার অপরাধবিরোধী লেখালেখির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উতরাইল বাজারের একটি দোকানে বসেছিলেন আলিফ। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে পর পর গুলি ছোড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ আলিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

লুৎফুজ্জামান আলিফ ফকিরের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। প্রায় ছয় বছর আগে তেলনজিয়া গ্রামের মেয়ে আনন্দিতা সংমাকে বিয়ে করেন। এই দম্পতির চার বছর বয়সী এক মেয়ে ও দেড় বছর বয়সী এক ছেলে রয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, তিনি নিজেও একাধিকবার আলিফকে সতর্ক করেছিলেন। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

মামলা না হওয়ার বিষয়ে ওসি বলেন, ময়নাতদন্ত, জানাজা এবং দাফন-সংক্রান্ত কারণে স্বজনরা এখনও মামলা করতে পারেনি। আশা করা যাচ্ছে, রাতের মধ্যেই মামলা করা যাবে।

হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের ভিডিও ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহ এবং আলিফের ফেসবুক আইডি ও পেজ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান ওসি।

শরীরে ছয় গুলির চিহ্ন : ময়নাতদন্তকারী চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ জানান, আলিফের শরীরে ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে বুকে তিনটি গুলির আঘাত রয়েছে। দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেছে। অন্যটি পিঠে আটকে ছিল, যা ময়নাতদন্তের সময় উদ্ধার করা হয়। এ ছাড়া একটি গুলি কপালের ডান পাশ দিয়ে ঢুকে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। বাকি দুটি গুলির একটি মাথার ওপরের অংশের চামড়া এবং অন্যটি ডান কাঁধের পাশের চামড়া ভেদ করে বেরিয়ে যায়।

শ্রদ্ধ্যানন্দ নাথ বলেন, শরীরে গুলির প্রবেশ ও বেরিয়ে যাওয়ার চিহ্ন পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছে, আলিফকে সামনের দিক থেকে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে।

দুই সন্তান নিয়ে অনিশ্চয়তায় স্ত্রী : স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা। তাদের চার বছরের একটি মেয়ে ও দেড় বছরের একটি ছেলে রয়েছে। স্বামীর মরদেহের পাশে ছেলেকে কোলে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে আনন্দিতা বলেন, ‘এভাবে যে একজন মানুষকে কিছুক্ষণের মধ্যেই গুলি করে মেরে ফেলবে, তা আমি কখনও ভাবতে পারিনি। বাচ্চাদের যখন ভাত খাওয়াচ্ছিলাম, তখন গুলির শব্দ শুনে প্রথমে ভেবেছিলাম, কেউ হয়তো পটকা ফুটাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যেই লোকজন বলতে শুরু করল, তাকে (লুৎফুজ্জামান) মেরে ফেলেছে।’

স্বামী হত্যার বিচার দাবি করে আনন্দিতা বলেন, ‘আমি তো আমার স্বামীকে আর ফিরে পাব না। তবে যারা তাকে হত্যা করেছে, আমার অবুঝ দুটি শিশুকে পিতৃহারা করেছে, পুলিশ যেন তাদের শনাক্ত করে আইনের আওতায় আনে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ময়মনসিংহে মানববন্ধন: সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। গত শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে সাধারণ সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আগেও হামলার শিকার হয়েছিলেন আলিফ : এর আগে গত বছরের ১০ নভেম্বর দুপুরে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা আলিফকে কুপিয়ে জখম করে। এ সময় তার সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়। আলিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক চোরাচালানের বিরুদ্ধে লিখতেন।

বাবুলকে ঘিরে অভিযোগ : ২০১১ সালে একটি হত্যা মামলার আসামি হিসেবে বাবুল কক্সবাজারে আত্মগোপনে থাকার সময় এক রোহিঙ্গা নারীকে বিয়ে করেন। পরে ওই স্ত্রী ও তার স্বজনকে দিয়ে নেত্রকোণায় ইয়াবার ব্যবসা শুরু করেন তিনি। নেত্রকোণা সদরের কে-গাতি ইউনিয়নের চুয়ারকান্দা গ্রামের নিজাম উদ্দিনের দ্বিতীয় সন্তান ইলিয়াস কাদের বাবুল। সূত্রের দাবি, বাবুলের শ্যালক সবুজ গত ৯ সেপ্টেম্বর ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক হন। তবে এসব অভিযোগের সঙ্গে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র এখনও নিশ্চিত হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা