সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ২১:১২ পিএম
সোনারগাঁয়ের কাঁচপুরে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনেরই মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনেরই মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দগ্ধ কেয়ারটেকারের মৃত্যু হয়। এতে এ ঘটনায় দগ্ধ সবাই-ই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
এর আগে গত বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। পরে ওই দিন সকালে মারা যায় রোজিনার ভাই রিয়াজ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ইন্সটিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফের ৪০ শতাংশ, রিয়াজ ৪০ শতাংশ এবং রনি ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক দেড়টায় নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ চারজন দগ্ধ হয়। তাদের শরীরের বিভিন্ন অংশ ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে যায়।