কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ২০:৪৪ পিএম
দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারে বাড়তে শুরু করেছে পর্যটকের ভিড়। ২০ থেকে ২৪ অক্টোবরের ছুটি সামনে রেখে এরই মধ্যে শহরের হোটেল-মোটেল ও রিসোর্টের প্রায় ৮০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। এ সময়ে আট লাখের বেশি পর্যটকের সমাগম হতে পারে বলে আশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
শুক্রবার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলী পয়েন্ট ঘুরে দেখা যায়, পর্যটকের পদচারণে মুখর হয়ে উঠেছে সৈকত। কেউ ঘোড়ার পিঠে চড়ে ঘুরছেন, কেউ বিচ বাইক কিংবা জেটস্কিতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন। আবার কেউ প্রিয়জনের হাত ধরে ঢেউয়ের সঙ্গে মেতে উঠেছেন আনন্দে।
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। পর্যটকদের চাপ সামাল দিতে আবাসন ও বিনোদন সেবা বাড়ানোর পাশাপাশি যাতায়াতব্যবস্থাতেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
সৈকতের সুগন্ধা পয়েন্টে কথা হয় পর্যটক মিহির কুমার ও বেবি দাশের সঙ্গে। তারা বলেন, পূজার ছুটিতে কক্সবাজার আসার পরিকল্পনা আগে থেকেই ছিল। অফিস থেকে অগ্রিম ছুটিও নিয়েছি। এখানে এসে বেশ ভালো লাগছে।
কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ইতোমধ্যে পর্যটকের আগমন শুরু হয়েছে। ভালো মানের হোটেল-রিসোর্টের বেশির ভাগ কক্ষ বুকিং হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, পূজার ছুটিতে ৮ লাখের বেশি পর্যটক কক্সবাজারে আসবেন।
দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারমুখী যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে ২০, ২৩ ও ২৪ অক্টোবর বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার জয়নাল আবেদীন বিশেষ ট্রেন পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, টানা ছুটিতে কক্সবাজারগামী যাত্রীর চাপ অনেক বেশি থাকে। এ চাপ সামাল দিতেই বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। বিপুলসংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে আবাসন ও পরিবহনের পাশাপাশি সৈকত ও পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সেবার মান নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, পর্যটন মৌসুমকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্গাপূজার ছুটিতে পর্যটকের চাপ বাড়বে। তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।