× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসী, ব্যাংক কর্মকর্তাসহ সড়কে ঝরল ৫ প্রাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ২০:৩৬ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার ও শুক্রবার সড়ক দুর্ঘটনায় প্রবাসী, ব্যাংক কর্মকর্তা, শিশু, বিএনপি নেতাসহ পাঁচজন মারা গেছেন। পাঁচ জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

গৌরনদী (বরিশাল) : জেলার গৌরনদীতে বরিশালগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক অপু মাঝি (৩২) নামের এক কাতারপ্রবাসী মারা গেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তারাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু মাঝি উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে। 

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুর ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

কুমিল্লা : জেলার নগরীর কান্দিরপাড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক সাহা নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। এ ঘটনায় ইজিবাইকচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর নজরুল অ্যাভিনিউ সড়কে জামান মেডিকেল হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপক সাহা (৬৮) নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা। তিনি কৃষি ব্যাংকের ঢাকা মতিঝিল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ছিলেন। গত বছর তিনি অবসরে যান।

ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. রাকিব জানান, অভিযুক্ত ইজিবাইকচালককে আটক করে কোতোয়ালি থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী (বরগুনা) : জেলার আমতলীতে অটোরিকশার ধাক্কায় এলমা আক্তার (৮) নামের এক শিশুকন্যা মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে বরিশালে নেওয়ার পথে লেবুখালী এলাকায় তার মৃত্যু হয়। নিহত এলমা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের জসিম মিয়ার মেয়ে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শিবচর (মাদারীপুর) : জেলার শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম শহীদ (৫৮) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌরসভার কলেজ মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার বাশকান্দি ইউনিয়নের মৃর্জারচর চেয়ারম্যান কান্দি এলাকার মরহুম এনসান উদ্দিন মৃধার ছেলে। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘নামাজ শেষে পায়ে হেঁটে পৌর বাজারে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা শহিদুল ইসলামের মৃত্যু হয়। মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা