নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ২০:১১ পিএম
নাগেশ্বরী অ্যাপোলো হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাসেবাকে দায়ী করছেন নিহতের স্বজনরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জেলার নাগেশ্বরীতে ভুল অস্ত্রোপচার ও চিকিৎসা অবহেলায় মীম (১৯) নামের এক প্রসূতি মারা গেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
অস্ত্রোপচারের পর প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ এবং পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতির জন্য নাগেশ্বরী অ্যাপোলো হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাসেবাকে দায়ী করছেন নিহতের স্বজনরা।
তাদের দাবি, প্রসূতির স্বাভাবিক ডেলিভারি না করে ভয়ভীতি দেখিয়ে সিজার করাতে বাধ্য করা হয়েছে। এ ছাড়া গর্ভাশয়ে ময়লা ও গর্ভফুলের অংশ রেখে প্রথম স্তরে সেলাই ফাঁকা রাখায় অস্ত্রোপচারের পর রোগীর মুমূর্ষু অবস্থার সৃষ্টি হয় বলে অভিযোগ স্বজনদের। তবে এসব অভিযোগের বিষয়ে অ্যাপোলো ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার রংপুরের ডক্টরস ক্লিনিক অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মীম মারা যান। এর আগে প্রসূতিকে গত সোমবার নাগেশ্বরী অ্যাপোলো হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার রাতে অস্ত্রোপচার করার পর অবনতি হলে তড়িঘড়ি করে ভোরে রোগীকে রংপুরে পাঠায় অ্যাপোলো কতৃপক্ষ। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের জবাবদিহি এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মীমের স্বামী আল মামুন বাবু।
ক্লিনিকের রেজিস্টারে উল্লেখিত তথ্য অনুসারে প্রসূতির অস্ত্রোপচার করেন প্রতিষ্ঠানটিতে কর্মরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস রুমা, অ্যানেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. শবনম খাতুন এবং তাদের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিনিকটির পরিচালক নুরুল ইসলাম।
মীমের স্বামী আল মামুন বাবু বলেন, ভুল অস্ত্রোপচার ও চিকিৎসায় অবহেলায় আমার স্ত্রী মারা গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। অ্যাপোলো ক্লিনিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাচ্ছি।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সুজন সাহা বলেন, অস্ত্রোপচারের পর প্রসূতি মায়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় সবাইকে সতর্ক হওয়া উচিত। স্বজনদের উচিত, প্রসূতিকে ভর্তি করানোর আগে ক্লিনিকের সক্ষমতা যাচাই-বাছাই করা।