বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ২০:০১ পিএম
বিজয়নগর উপজেলায় এক মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগার শান্তামুড়ার বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে জহির মিয়ার বাড়িতে হামলা চালায় এলাকাবাসী। তাদের অভিযোগ, ওই বাড়ি থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছিল।
স্থানীয় খাটিংগা গ্রামের বাসিন্দা মো. সরল খান বলেন, যে মাদক কারবারি জহিরের কারণে এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। তার কারণে মাদক সহজলভ্যতার কারণে এলাকার অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছিল। বিভিন্নভাবে চেষ্টা করেও তাকে থামানো যাচ্ছে না।
জানা গেছে গ্রামবাসী মাদক বিক্রি বন্ধ করতে না পেরে শুক্রবার সকালে শতাধিক মানুষ একত্রিত হয়ে ওই কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। ঘটনার পর থেকে কারবারি জহির মিয়া আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, আমি এখানে নতুন এসেছি। আমি এ ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। যার বাড়িঘরে হামলা হয়েছে তার সব তথ্য নিয়ে জানতে পেরেছি তার নামে মোট ৮টি মামলা রয়েছে এর মধ্যে মাদক মামলা ৬টি ও মারামারির ঘটনায় ২টি মামলা রয়েছে। তিনি বলেন, আইন হাতে তুলে নেওয়ার মতো এ ধরনের ঘটনা সমাজের জন্য অশনিসংকেত।