ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৯:৫৭ পিএম
ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় ওয়াজ মিয়ার বাড়িতে হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধারের চেষ্টা করলে স্থানীয়দের ‘মব’-এর শিকার হয়ে পুলিশের তিন সদস্য আহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়া সন্দেহে দুজনকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে স্থানীয় জনতা। হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধারের চেষ্টা করলে স্থানীয়দের ‘মব’-এর শিকার হয়ে এক নারী পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টায় পৌর শহরের কমলপুর আমলাপাড়ার পুকুরপাড় এলাকায় ওয়াজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
আহত নারী কনস্টেবল-এর নাম রাবেয়া বলে জানা গেছে। অন্যদিকে স্থানীয়দের মারধরে আহত হয়েছেন পরকীয়ায় অভিযুক্ত নারী সেলিনা বেগম (২৫)। তিনি পুকুরপাড় এলাকার রমজান মিয়ার স্ত্রী। আহত অপরজন হলেন একই এলাকার আব্দুস সাত্তার মিয়ার ছেলে নয়ন মিয়া ওরফে মোবারক হোসেন (অভিযুক্ত যুবক)।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ বছর আগে কমলপুর আমলাপাড়ার পুকুরপাড়ের ওয়াজ মিয়ার ছেলে রমজান মিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের এমাদ মিয়ার মেয়ে সেলিনা বেগমের। পরিবারে তাদের দুইটি সন্তান রয়েছে। বছর দুয়েক আগে ইউরোপের দেশ ইতালিতে চলে যান রমজান। অভিযোগ উঠেছে, এই সুযোগে বেশ কিছু যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন সেলিনা। এ বিষয়টি নিয়ে এলাকায় একাধিক সালিশি দরবারও হয়েছে।
স্থানীয়রা আরও জানান, নাদিম নামে পুকুরপাড় এলাকার এক যুবকের সাথেও সেলিনা বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে শাশুড়ির সাথে তার দ্বন্দ্ব চলছিল। ১৫ অক্টোবর সন্ধ্যায় পুকুরপাড়ে নিজ শ্বশুরবাড়িতে নয়ন মিয়া নামের এক যুবকের সাথে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন বলে অভিযোগ ওঠে। পরে এলাকায় হট্টগোল তৈরি হলে ৯৯৯-এ ফোন করে থানা-পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে থানা-পুলিশ অভিযুক্তদের উদ্ধার করতে গেলে স্থানীয় যুবকরা উত্তেজিত হয়ে পুলিশসহ অভিযুক্তদের ওপর হামলা করে। এ সময় অভিযুক্ত সেলিনা ও নয়নসহ নারী পুলিশ সদস্য রাবেয়া আহত হন। এ ছাড়া কয়েকজন পুলিশ সদস্যও হেনস্তার শিকার হয়েছেন।
ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে জানায়, এক নারী তার প্রেমিকের সাথে পরকীয়া করেছেন। সেখানে উত্তেজিত জনতা তাদের বিয়ের দাবি তোলে। একটি পক্ষ সেখানে হট্টগোলের চেষ্টা করলে পুলিশ অভিযুক্তদের উদ্ধার করতে যায়। এ সময় নারী পুলিশ সদস্য ও অভিযুক্ত দুইজন স্থানীয়দের মবের শিকার হন। আহত নারী পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের থানায় আনা হয়েছে।