বাউফল প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৯:৪৮ পিএম
বাউফলে ভাঙনকবলিত তেঁতুলিয়া নদীর চরব্যারেট এলাকায় বালুমহাল ইজারা না দেওয়া এবং ভাঙন রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন নদীপাড়ের বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে ভাঙনকবলিত তেঁতুলিয়া নদীর চরব্যারেট এলাকায় বালুমহাল ইজারা না দেওয়া এবং ভাঙন রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট এলাকায় তেঁতুলিয়া নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নদীপাড়ের বাসিন্দারা।
মানববন্ধনে চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল বশার বলেন, ‘চন্দ্রদ্বীপের চারপাশে তেঁতুলিয়া নদী। এতে সব সময় ভাঙন হুমকিতে থাকে চন্দ্রদ্বীপের মানুষ। তার মধ্যে চরব্যারেট এলাকায় ভোলার একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বছরের পর বছর ধরে বালু উত্তোলন করায় চরব্যারেটের একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, মসজিদ, হাটবাজার, অসংখ্য বসতভিটাসহ প্রায় ১২০০ একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলন বন্ধের দাবিতে অনেক আন্দোলন-সংগ্রাম করার পর বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন। প্রায় ১ বছর ধরে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীভাঙন কমতে শুরু করেছে এবং একটি নতুন চরও পড়তে শুরু করেছে। এখন শোনা যাচ্ছে, বাউফলের একটি চক্র বালুমহাল ইজারা নেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে তদবির শুরু করেছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, ‘ভাঙনকবিলত এলাকায় যেন ইজারা দেওয়া না হয়।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, বুড়াগৌরঙ্গ নামে একটি বালুমহাল ছিল। যার স্থান দেওয়া ছিল বাউফলের দিয়ারা কচুয়া এলাকা। ওই বালুমহাল ইজারা স্থগিত রয়েছে।