রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৯:৩২ পিএম
রাজারহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ফেরদৌস সজীব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেনÑ ত্যাগী কর্মীরা মরে যাক।’ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ফেরদৌস সজীব।
বিদ্যানন্দ ইউনিয়নের সারের ডিলারশিপ না পাওয়ায় ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানান। তার মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তোলপাড় সৃষ্টি করেছে।
রায়হান ফেরদৌস সজীব ‘রায়হান ট্রেডার্স’-এর মালিক। তার দাবি, বিদ্যানন্দ ইউনিয়নের সার ডিলারশিপের জন্য সুপারিশে তার নাম দ্বিতীয় অবস্থানে ছিল। কিন্তু শেষ পর্যন্ত মেসার্স বিদ্যানন্দ ট্রেডার্সের মালিক মোস্তফা জামাল ডিলারশিপ পান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফেসবুকে ওই মন্তব্য করেন। সজীবের অভিযোগ, মোস্তফা জামাল ও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তার দাবি, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পরও তিনি ডিলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মেসার্স বিদ্যানন্দ ট্রেডার্সের মালিক মোস্তফা জামাল। তিনি বলেন, এগুলো সব মিথ্যা। আমি ও আমার পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলাম না।
রায়হান ফেরদৌস সজীবের দাবি, প্রায় ১৭ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।
এদিকে স্থানীয়দের আরও অভিযোগ, ডিলারশিপ মোস্তফা জামালের নামে থাকলেও ব্যবসাটি নিয়ন্ত্রণ করছেন বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হারুন উর রশীদ। এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, সরেজমিন তদন্ত করে রিপোর্ট দেওয়া হয়েছিল। সার ডিলারশিপ নিয়োগ কমিটিতে আমিও আছি, আরও অনেকে আছেন। সবার সুপারিশক্রমে যাকে ভালো মনে হয়েছে, তাকেই দেওয়া হয়েছে।