গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৯:২৫ পিএম
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা ও আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা ও আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানা ও জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ওসি আমিনুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জিএমপির সদর থানাধীন ভোড়া হাজীবাগ এলাকার তুষার মিয়ার ছেলে শুভ, পূর্ব চান্দনা এলাকার আক্কাস আলীর ছেলে ইয়াছিন এবং একই এলাকার হুরমুজ আলীর ছেলে ছানোয়ার।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ফারুক হোসেন জানান, ফাঁড়িতে হামলার ঘটনায় একটি এবং মাদকসহ দুজনকে গ্রেপ্তারের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। হামলায় আহত পুলিশ সদস্য এটিএসআই নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা দুটি করেছেন।
জিএমপি সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানান, গ্রেপ্তার তিনজনকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে জিএমপি সদর থানা। এদিকে মাদকসহ আটক আনিছ ও শিমলা আক্তারকে হামলা ও মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। আনিছ ময়মনসিংহের গফরগাঁওয়ের হারেছ মিয়ার ছেলে। শিমলা গাজীপুর মহানগরের ২৯ নম্বর ওয়ার্ডের চাবাগান বাঁশতলা এলাকার সেলিম মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে ইয়াবাসহ আনিছ ও শিমলাকে গ্রেপ্তার করেন দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ সদস্যরা। পরে তাদের ফাঁড়িতে নেওয়া হয়। এ খবর পেয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। তারা আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় বাধা দিতে গেলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। পরে তারা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।