চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৮:৫৮ পিএম
ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। শুক্রবার বেলা ৩টার দিকে কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে পৌঁছায়।
বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনে কর্মকর্তারা কোচগুলো গ্রহণ করেন। তারা জানান, দর্শনা কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো সৈয়দপুর রেলওয়ের কারখানায় নেওয়া হবে। এসব কোচ যুক্ত হলে পশ্চিমাঞ্চল রেলওয়ের যাত্রীসেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে।
নতুন কোচগুলো লাল-সবুজ রঙে রাঙানো হয়েছে। এর মধ্যে ৩টি এসি চেয়ার কোচ, ২টি এসি স্লিপার কার, ২টি এসি পাওয়ার কার এবং ১১টি শোভন চেয়ার কোচ রয়েছে। গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেলকোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠায় ভারত। এরপর সেগুলো পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থান করে। গতকাল দুপুরে সেখান থেকে রওনা হয়ে ভারতের গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছায়।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, কোচগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে। এতে রেলওয়ের যাত্রীসেবা বাড়বে। পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোচগুলো আজ দর্শনা বন্দরে ঢুকল। এরপর সৈয়দপুর রেলকারখানায় নেওয়া হবে। সেখানে ট্রায়াল রান করা হবে। তারপর বলা যাবেÑ কোচগুলো কেমন হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ সরকার একটি প্রকল্পের আওতায় ব্রডগেজ রেলকোচ কেনার জন্য ভারতের রাইটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। প্রতিষ্ঠানটি কয়েক ধাপে বাংলাদেশকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করবে। প্রথম চালানে ১৮টি কোচ এসেছে। ধারাবাহিকভাবে বাকি ১৮২টি কোচ দেশে আসার কথা রয়েছে।