ফেসবুকে সরব প্রধান আসামি মুফতি আমিনী, খুঁজে পাচ্ছেনা পুলিশ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৭:৫৩ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬ ১৯:৪৫ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী এখনো পলাতক রয়েছেন এবং আত্মগোপনে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একের পর এক পোস্ট দিচ্ছেন।
গ্রেপ্তার দুই আসামি হলেন দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের মোক্তার হোসেন মোড়ল এবং নাজিরের ঘের এলাকার আসাদুল মোল্লা। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল রাতে সুবর্ণাবাদ গ্রাম থেকে এজাহারভুক্ত আসামি মোক্তারকে এবং আজ সকাল সাড়ে নয়টার দিকে নাজিরের ঘের এলাকা থেকে আসাদুলকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শামীম হত্যার ঘটনায় তার বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে গতকাল রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
নিহত শামীম দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামসুল রহমানের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পাশাপাশি কামিল পাস করেছিলেন এবং হোমিওপ্যাথি নিয়েও পড়াশোনা করেছেন। পরিবারে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। পরিবারের ভাষ্যমতে, শামীম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন; কখনো স্বাভাবিক আচরণ করতেন, আবার কখনো অসংলগ্ন হয়ে পড়তেন, যা এলাকার মানুষও জানতেন।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার শামীম ও তার স্ত্রীর একটি কথোপকথনের অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে ধর্ম অবমাননাকর মন্তব্য রয়েছে অভিযোগ তুলে এলাকায় উত্তেজনা সৃষ্টি করা হয় এবং শামীমের বাড়িতে হামলার চেষ্টা চলে। ওই দিন স্থানীয় একটি বাজারে তাকে প্রথম দফায় মারধর করা হয়।
পরদিন মঙ্গলবার বিকেলে শামীম স্থানীয় এক পল্লিচিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে ফজলুল হক আমিনীর নের্তৃত্বে কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদিকুল ইসলামসহ শতাধিক 'তৌহিদী জনতা' তাকে টেনেহিঁচড়ে বের করে রাস্তায় ফেলে গণপিটুনি দেয়। ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে জামায়াত নেতা সাদিকুলকে স্পষ্ট শনাক্ত ও উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেলেও মুফতি ফজলুল হক আমিনীর মতোই ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ওই জামায়াত নেতা। ফলে ভিডিও ফুটেজে পদধারি নেতার স্পষ্ট উপস্থিতি স্বত্তেও মব সৃষ্টি ও হত্যাকাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতা নেই বলে দলটির পক্ষ থেকে করা দাবিও এখন প্রশ্নবিদ্ধ দেশজুড়ে।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে ওই দিন রাতেই ফজলুল হক আমিনীর নেতৃত্বে একদল লোক মিছিল নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালায়। সেখান থেকে শামীমকে ছিনিয়ে নিয়ে আবারও বেধড়ক পেটানো হয়। পরে গুরুতর অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর থেকে প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার না হয়ে ফেসবুকে সক্রিয় থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। শামীমের ছোট ভাই তাওসিফ রহমান বলেন, ‘আমরা জানতে পেরেছি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” তবে মামলার তদন্ত ও বাকি আসামিদের গ্রেপ্তারের স্বার্থে পুলিশের অনুরোধে এজাহারের বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে চান না বলে জানান তিনি।
জানা গেছে, দেবহাটার পারুলিয়া গ্রামের বাসিন্দা ফজলুল হক আমিনী ‘Fh Ameni’ নামের ফেসবুক আইডি থেকে নিয়মিত পোস্ট দিচ্ছেন। আজ শুক্রবার সকাল ১০টা ৩৬ মিনিটে এক পোস্টে তিনি লেখেন, “আমি আপনাদের মাঝে থাকবো না, যেকোনো সময় আমাকে এরেস্ট করা হবে, কিন্তু মোনাজাতে আমাকে শামিল রাখবেন। তামাম বিশ্ববাসী আমাকে নিয়ে বাজে মন্তব্য করলেও কিছু যায় আসে না, যদি আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। এ যুগের গাজী ইলমুদ্দিন হিসেবে আমাকে এবং এই অপারেশনে যারা অংশগ্রহণ করেছিল সকলকে যেন কবুল করে নেন।”
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ২২ মিনিটে শামীম ও তার স্ত্রীর সেই অডিও যুক্ত করে একটি পোস্ট দেন আমিনী। একই দিন বেলা ১টা ২৬ মিনিটে দেওয়া অপর এক পোস্টে শামীমের মানসিক অসুস্থতার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিসহ জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।